
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানা ও কার্যালয় পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে কোম্পানিটির ব্যবসায়িক অবস্থা এবং অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখতে কারখানা ও অফিস পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দেবে ডিএসই।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ৫৪(১) এর অধীনে অলটেক্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিক অবস্থা এবং বিষয়গুলো দেখতে কারখানা ও অফিস পরিদর্শন করার নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে কোম্পানিটির পরিদর্শন প্রতিবেদন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হলো। এই চিঠি জারি করার ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইকে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।
প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। কোম্পানিটি কারখানার আন্ডারগ্রাউন্ডের গ্যাসলাইন পুনরায় নির্মাণ করার জন্য কারখানা বন্ধ ছিল। কারখানার গ্যাসলাইন মেরামতের সময় কোম্পানির উৎপাদন বন্ধ রাখা হয়। এর আগে কোম্পানিটি গ্যাসলাইন মেরামত না হওয়ায় দুই দফায় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। প্রথম দফায় ২০২১ সালের ২ নভেম্ববর থেকে ৪৫ দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর ওই বছরের ২০ ডিসেম্বর থেকে আরও ৩০ দিন কারখানা বন্ধের সময় বাড়ানো হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করে বলে জানায়। যার সূত্র ধরে কোম্পানিটির বাস্তবিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ডিএসইকে পরিদর্শন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments