ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পণ্য ও সেবার মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ সময়েরই দাবী। ভোক্তা সাধারণের সঠিক প্রাপ্য নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির পরিমাপে গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়। বিশ্ব মেট্রোলজি দিবস আজ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর ২০ মে বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।

এবছর দিবসটির প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজির (বিআইএমএল) প্রধানরা বাণী দিয়েছেন। প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি বলেন, জনগণের জন্য দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিমাপের গতানুগতিক পদ্ধতিকে ডিজিটালে রূপান্তরের মাধ্যমে উন্মুক্ত তথ্য প্রাপ্তিসহ সঠিক পরিমাপে পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের মেট্রোলজি দিবসের গৃহীত কর্মসূচি ক্রেতা-ভোক্তা, উৎপাদক, আমদানিকারক, গবেষক ও বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরো সক্রিয় হতে উৎসাহ যোগাবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিমাপসহ সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়িত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে।’
মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম চলবে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাতকার ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড লাগানো হয়েছে।
আজ বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ নাজমুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments