ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সফরে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউই অলরাউন্ডার ইশ সোধিকে ‘মানকাডিং’ আউট করেন টাইগার পেসার হাসান মাহমুদ। টেলিভিশন আম্পায়ার সেই আউট অনুমোদনও করেন।

মাঠ ছেড়ে ড্রেসিং রুমের পথ ধরেন ব্ল্যাক ক্যাপ ব্যাটার। কিন্তু তখনো নাটক বাকি। কিছুক্ষণের মধ্যেই তাকে ডেকে আনেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলে আউটের আবেদন ফিরিয়ে নেন। এতে ফের ক্রিজে ফেরেন সোধি। এসে জড়িয়ে ধরেন টাইগার পেসার হাসান মাহমুদকে।
যদিও পরে এই সোধির কারণেই ঐ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে মানকাডিংয়ের ঐ আউট না নেওয়ার কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিল লিটনবাহিনী। এবার সেই ঘটনারই প্রতিদান দিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। সুযোগ পেয়েও ‘মানকাডিং’ আউট করেননি মুমিনুল হককে।
মূলত এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলায় গতকাল মাঠে নেমেছিল দুই দল। এ সময় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংসে ৩৯তম ওভারের বল করতে আসে এজাজ প্যাটেল। তার ওভারের পঞ্চম ডেলিভারিটি করতে এসে হাত থেকে বল ছাড়েননি। ততক্ষণে মুমিনুল অবশ্য ক্রিজ ছেড়ে বেরিয়ে খানিক দূরে চলে যান।
ইচ্ছা করলেই এজাজ তাকে রানআউট করতে পারতেন। কিন্তু সেটা না করে মুমিনুলের দিকে চেয়ে মুচকি হেসে আবার বোলিং মার্কে ফিরে যান। এরপর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর অবশ্য মুমিনুলও বেশিক্ষণ টিকতে পারেননি। গ্লেন ফিলিপসের বলে তিনি আউট হয়েছেন ৩৭ রানে।
মানকার্ডিং আউট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও আইসিসির নিয়ম অনুসারে, বল ডেলিভারি দেওয়ার আগে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে রানআউট করতে পারেন বোলার। ভারতের ভিনু মানকড় এই আউট প্রথম করেছিলেন বলে তার নাম অনুযায়ী এই ধরনের আউটকে বলা হয় মানকাডিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments