ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেনীতে একের পর এক চুরি হচ্ছে সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার। গত সাত দিনে ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। ট্রান্সফরমার না থাকায় জমিতে চাষাবাদের পানি দিতে পারছেন না তারা। এতে ফসলহানির শঙ্কা দেখা দিয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি থেকে গত এক বছরে ১৮৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর দাম কোটি টাকার বেশি। গত এক মাসে ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দুপুরে ফেনী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানান ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বজলুর রহমান।
এদিকে চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি দাগনভূঞা থানায় মামলা করলে পুলিশ রোববার ও গতকাল সোমবার বিভিন্ন জেলায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার করেছে।
এ সময় দাগনভূঞার ইয়াকুবপুর এলাকার মো. কামালকে গ্রেপ্তার করা হয়। কামাল নোয়াখালীর সুধারাম থানার লালপুল গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্যে আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ট্রান্সফরমার চোরদের একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একে একে এ চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

























Recent Comments