ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বেসরকারি খাতের ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি-এর নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার কিমিয়া সাদাত। করপোরেট ব্যাংকিং থেকে শুরু করে এসএমই, ট্রেড সার্ভিসেস, ইসলামিক ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতা।
এনআরবি ব্যাংকে যোগ দেওয়ার আগে কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি করপোরেট সুশাসন, ডিজিটাল রূপান্তর, খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে তিনি মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, ব্র্যান্ডিং ও বিপণন কার্যক্রমে নেতৃত্ব দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি এইচএসবিসি বাংলাদেশ, দি সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি ব্যাংকিং ও ফিন্যান্স খাতের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।
এনআরবি ব্যাংক আশা করছে, কিমিয়া সাদাতের নেতৃত্বে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ, উদ্ভাবনী সেবা এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও গতিশীল হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments