ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি তাদের অন্যতম প্রধান শিক্ষামূলক উদ্যোগ ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট’-এর প্রথম ব্যাচের সফল গ্র্যাজুয়েশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (NSDA) কর্তৃক অনুমোদিত ও বাজারের চাহিদাসম্পন্ন ৬ মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়।
এই আয়োজনটি ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট’-এর অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিন বছর মেয়াদী এই প্রকল্পের লক্ষ্য হলো মোট ১,২০০ তরুণ-তরুণীকে পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা। অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে বাস্তবায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা প্রশিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণার্থীরা পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এগুলো হলো:
বিউটিফিকেশন, টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন, গ্রাফিক ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেইন্যান্স। এই কোর্সগুলোর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শিল্প-সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা এবং পেশাদারিত্ব বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা ও উদ্যোক্তা হতে উৎসাহিত করা।
‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট’-এর প্রথম ব্যাচের এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, রেইস উদ্দীন আহ্মাদ, এমটিবি ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী ও অ্যাসোসিয়েট গোলাম রব্বানী ও নাজমুস সাকিব। এছাড়াও অনুষ্ঠানে ইউসেপ (UCEP) বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্টের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান এবং রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments