
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় মোট ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।
প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৫ জন।
ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।
পুলিশ সদর দফতর জানায়, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১৭৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৫ পুলিশ সদস্য। তাদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই আবদুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ (৪৩), পিওএম এর এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে জানান, জনগণের সুরক্ষায় পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছে। তাদের মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে। তারা যেসব অফিস ও ব্যারাকগুলোতে তারা থাকছেন সেখানে জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল যেন অটুট থাকে এজন্য ঊর্ধ্বতন অফিসাররা এবং তাদের লাইন চিফরা তাদের হাসপাতালে ভিজিট করছেন। অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখার জন্য সদরদফতর থেকে স্ব-স্ব ইউনিটকে জানানো হয়েছে।
































Recent Comments