ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানের নেপথ্যের গল্প নিয়ে ভাষাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হলো ‘অল্প কথার গল্প গান’ বইয়ের চতুর্থ খণ্ড। মঙ্গলবার ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এদিন গীতিকারের সহধর্মিণী জোহরা গাজীর লেখা ‘আগুনের সাথে বসবাস’ বইটিও পরিচয় করিয়ে দেন অতিথিরা। নতুন বইয়ে আগের তিন খণ্ডের মতো রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও বিভিন্ন গান রচনার প্রেক্ষাপটের বর্ণনা।
অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী বলেন, তিনি (মাজহারুল আনোয়ার) ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। শিল্প-সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক, তিনি কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন।
প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গানবাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিণী রমলা সাহা, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শুভ্রদেব, মনির খান, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কোনাল, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments