অর্থপাচার এখন আর শুধু হুন্ডি, অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেন কিংবা অবৈধ অর্থ বিদেশে পাচারের মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে এর কৌশলও বদলেছে। কখনো বিলাসবহুল জীবনযাপন, বিদেশ ভ্রমণ, দামি গাড়ি, ফ্ল্যাট ও অলংকার কেনার আড়ালে, কখনো অন্যের নামে সম্পদ অর্জন, শেল কোম্পানি, কখনো আমদানি-রপ্তানির আড়ালে জটিল আর্থিক লেনদেন কিংবা ব্যাংকঋণের অর্থ ঘুরিয়ে অপরাধলব্ধ অর্থের প্রকৃত উৎস ও মালিকানা আড়াল করা হচ্ছে। আপাতদৃষ্টিতে এসব কর্মকাণ্ডের অনেক কিছুই স্বাভাবিক ব্যবসায়িক বা ব্যক্তিগত আর্থিক কার্যক্রম বলে মনে হতে পারে। কিন্তু এর আড়ালে থাকতে পারে দুর্নীতি, কর ফাঁকি, প্রতারণা, অর্থপাচার কিংবা সন্ত্রাসে অর্থায়নের মতো গুরুতর অপরাধ। বিশেষ করে গ্ল্যামার, বিলাসিতা ও সামাজিক মর্যাদার প্রদর্শন যখন অস্বাভাবিক অর্থব্যয়ের সঙ্গে যুক্ত হয়, তখন তার অর্থের উৎস ও প্রকৃত মালিকানা অনুসন্ধান জরুরি হয়ে পড়ে।
অর্থপাচার শুধু দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না; এটি ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে, সুশাসন ও আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং অপরাধী চক্রকে আরও শক্তিশালী করে। অন্যদিকে, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে অর্থের উৎসের পাশাপাশি অর্থের চূড়ান্ত ব্যবহার ও গন্তব্য শনাক্ত করাও সমান গুরুত্বপূর্ণ। ফলে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (AML & CFT) এখন শুধু নিয়ন্ত্রক পরিপালনের বিষয় নয়; এটি জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা রক্ষার অন্যতম পূর্বশর্ত।
বাংলাদেশের অর্থনীতিতেও এ ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা Global Financial Integrity (GFI)-এর ২০২৬ সালের এক গবেষণা অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এক দশকে বাংলাদেশের বাণিজ্যভিত্তিক অবৈধ অর্থপ্রবাহের আনুমানিক পরিমাণ ৬৮.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড়ে প্রায় ৬.৮৩ বিলিয়ন ডলার। গবেষণায় এই পরিমাণ বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ১৬ শতাংশের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন (STR/SAR) পেয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি। এর মধ্যে ব্যাংকগুলো থেকেই এসেছে ২৮,৭৫৫টি প্রতিবেদন। এটি একদিকে আর্থিক লেনদেনের ঝুঁকির ব্যাপকতা, অন্যদিকে ব্যাংকিং খাতে নজরদারি ও প্রতিবেদন দাখিলের গুরুত্ব তুলে ধরে। তবে এসব প্রতিবেদন অর্থপাচারের প্রমাণিত ঘটনার সংখ্যা নয়; এগুলো সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের তথ্য।
এই পরিসংখ্যান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে অবৈধ অর্থ কীভাবে আর্থিক ব্যবস্থার ভেতর দিয়ে চলাচল করে, কীভাবে তার প্রকৃত উৎস ও সুবিধাভোগীকে আড়াল করা হয় এবং কীভাবে সেই অর্থ শেষ পর্যন্ত বৈধ সম্পদে রূপ নেয়?
অর্থপাচারের অভিনব কৌশল
অর্থপাচারের মূল উদ্দেশ্য হলো অপরাধলব্ধ অর্থের প্রকৃত উৎস গোপন করে সেটিকে বৈধ উপার্জন বা সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করা। সাধারণভাবে অর্থপাচারের তিনটি ধাপ রয়েছে অবৈধঅর্থ আর্থিক ব্যবস্থায় প্রবেশ করানো (Placement), বিভিন্ন লেনদেনের মাধ্যমে উৎস আড়াল করা (Layering) এবং শেষ পর্যন্ত বৈধ সম্পদ বা আয়ের চেহারায় অর্থনীতিতে ফিরিয়ে আনা
(Integration) 1
বর্তমানে কয়েকটি পদ্ধতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ:
১. অন্যের নামে সম্পদ অর্জন: দুর্নীতিবাজ ব্যবসায়ী, কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের নামে সম্পদ না কিনে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী কিংবা তৃতীয় ব্যক্তির নামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান কিনতে পারেন। কাগজে-কলমে একজন মালিক হলেও প্রকৃত অর্থদাতা ও সুবিধাভোগী অন্য কেউ হতে পারেন। একে প্রকৃত সুবিধাভোগী মালিকানা (Ultimate Beneficial Ownership) গোপন করার কৌশল বলা যায়।
২. বিলাসবহুল পণ্য ও উপহারের মাধ্যমে সম্পদ সংরক্ষণ: স্বর্ণ, হীরা, দামি ঘড়ি, শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান পণ্যে অপরাধলব্ধ অর্থ বিনিয়োগ করে পরবর্তী সময়ে সেগুলো বিক্রির মাধ্যমে অর্থের উৎস আড়াল করার চেষ্টা হতে পারে।
৩. বিদেশ ভ্রমণ ও তৃতীয় পক্ষের অর্থায়ন: কোনো ব্যক্তির আয় ও আর্থিক সামর্থ্যের তুলনায় অস্বাভাবিক বিলাসবহুল বিদেশ ভ্রমণ, হোটেল বিল ও কেনাকাটার ব্যয় অন্য কেউ বহন করলে অর্থের উৎস যাচাই করা প্রয়োজন। বিশেষ করে অর্থদাতা ও ভ্রমণকারীর মধ্যে স্বচ্ছ ব্যবসায়িক সম্পর্ক না থাকলে বিষয়টি ঝুঁকিপূর্ণ হতে পারে।
৪. বাণিজ্যভিত্তিক অর্থপাচার (Trade-Based Money Laundering): আমদানি-রপ্তানির পণ্যমূল্য অতিরিক্ত বা কম দেখানো, ভুয়া ইনভয়েস, পণ্যের পরিমাণে অসামঞ্জস্য এবং একই পণ্যের বিপরীতে অস্বাভাবিক অর্থ পরিশোধের মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তরের চেষ্টা হতে পারে।
৫. শেল কোম্পানি ও ভুয়া ব্যবসায়িক লেনদেন: বাস্তবে উল্লেখযোগ্য ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ গ্রহণ ও স্থানান্তর করে প্রকৃত অর্থদাতা এবং সুবিধাভোগীর পরিচয় আড়াল করা হতে পারে।
৬. ঋণের অর্থ ঘুরিয়ে বৈধ করার চেষ্টা:
ব্যাংক থেকে ঋণ নিয়ে তা অন্য ব্যাংক বা তৃতীয় পক্ষের হিসাবে পাঠিয়ে পুনরায় ফিরিয়ে আনা এবং সেই অর্থ দিয়ে পুরোনো ঋণ সমন্বয় করা হলে লেনদেনের প্রকৃত উদ্দেশ্য ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ ধরনের ক্ষেত্রে ঋণের অর্থের ব্যবহার অনুমোদিত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিশেষভাবে যাচাই করা প্রয়োজন।
এসব কৌশলের মূল উদ্দেশ্য একটাই-অর্থের প্রকৃত উৎস ও মালিকানা আড়াল করে অবৈধ অর্থকে বৈধ অর্থের চেহারা দেওয়া।
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের ভূমিকাঃ
.অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রথম সারির প্রতিরোধক হিসেবে কাজ করে। কারণ অপরাধলব্ধ অর্থের একটি বড় অংশ কোনো না কোনো পর্যায়ে ব্যাংকিং, আর্থিক বা পেমেন্ট ব্যবস্থার সংস্পর্শে আসে।
অর্থপাচার প্রতিরোধ (Anti-Money Laundering-AML) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (Combating the Financing of Terrorism CFT) শুধু কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব নয়; এটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে শাখা, ক্রেডিট, ট্রেড ফাইন্যান্স, অপারেশনস ও প্রতিটি কর্মীর সম্মিলিত দায়িত্ব।
কার্যকর AML & CFT ব্যবস্থা নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
১. গ্রাহকের পরিচয় ও অর্থের উৎস যাচাই
শুধু জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র সংগ্রহ করলেই গ্রাহক যাচাই সম্পন্ন হয় না। গ্রাহকের প্রকৃত ব্যবসা, আয়ের উৎস, লেনদেনের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং প্রত্যাশিত লেনদেনের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। গ্রাহকের ঝুঁকির মাত্রা অনুযায়ী যথাযথ গ্রাহক অনুসন্ধান (Customer Due Diligence-CDD) এবং বর্ধিত গ্রাহক অনুসন্ধান (Enhanced Due Diligence EDD) করতে হবে। বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি (PEP), তাঁদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষেত্রে অর্থের উৎস ও সম্পদের মালিকানা সম্পর্কে বাড়তি সতর্কতা প্রয়োজন।
২. প্রকৃত সুবিধাভোগী মালিক শনাক্তকরণ
কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার হিসাব খোলার সময় শুধু পরিচালক বা স্বাক্ষরকারীর পরিচয় যাচাই যথেষ্ট নয়। প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কে, কে নিয়ন্ত্রণ করছেন এবং শেষ পর্যন্ত কে আর্থিক সুবিধা পাচ্ছেন, তা শনাক্ত করতে হবে। অন্যের নামে সম্পদ বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রকৃত অর্থদাতার পরিচয় অনুসন্ধানও গুরুত্বপূর্ণ।
৩. লেনদেন পর্যবেক্ষণ ও অস্বাভাবিক কার্যক্রম শনাক্তকরণ
প্রতিটি গ্রাহকের লেনদেন তাঁর ব্যবসা, আয় ও ঘোষিত আর্থিক প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি
না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
উদাহরণস্বরূপ:
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর হিসাবে হঠাৎ কোটি কোটি টাকা জমা হওয়া।
ঋণ বিতরণের পরপরই পুরো অর্থ অন্য ব্যাংক বা তৃতীয় পক্ষের হিসাবে স্থানান্তর। ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তির কাছ থেকে নিয়মিত বড় অঙ্কের অর্থ গ্রহণ। অস্বাভাবিক বিদেশি লেনদেন এবং দ্রুত অর্থ উত্তোলন। নতুন আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক লেনদেন।
এসব ক্ষেত্রে শুধু লেনদেনের পরিমাণ নয়, এর উদ্দেশ্য ও অর্থের চূড়ান্ত গন্তব্যও বিশ্লেষণ করতে হবে।
৪. ক্রেডিট ও ট্রেড ফাইন্যান্স কার্যক্রমে বিশেষ নিয়ন্ত্রণ
ব্যাংকের ক্রেডিট ও ট্রেড অপারেশনস অর্থপাচার প্রতিরোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ঋণ বিতরণের আগে ঋণের উদ্দেশ্য, অনুমোদিত ব্যবহার, অর্থের প্রাপক এবং অর্থ ছাড়ের পরবর্তী সম্ভাব্য প্রবাহ যাচাই করা প্রয়োজন।
বিশেষ করে: .ঋণের অর্থ অনুমোদিত উদ্দেশ্যেই ব্যবহার হচ্ছে কি না।
ঋণের অর্থ অস্বাভাবিকভাবে অন্য ব্যাংক বা তৃতীয় পক্ষের হিসাবে যাচ্ছে কি না। ব্যবসায়িক আয় ছাড়াই তৃতীয় পক্ষের অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা হচ্ছে কি না। আমদানি-রপ্তানির ইনভয়েস, পণ্যের মূল্য ও অর্থ পরিশোধের মধ্যে অসামঞ্জস্য রয়েছে কি না। একই অর্থ ঘুরিয়ে এনে অন্য ঋণ সমন্বয় করা হচ্ছে কি না। এসব বিষয়ে ক্রেডিট, ট্রেড ফাইন্যান্স ও ক্রেডিট অপারেশনস কর্মকর্তাদের সমন্বিত সতর্কতা প্রয়োজন। কোনো লেনদেন অনুমোদিত উদ্দেশ্য বা প্রকৃত ব্যবসায়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তা যথাযথভাবে যাচাই করতে হবে।
৫. সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR/SAR)
অর্থপাচার প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হলো সন্দেহজনক লেনদেন বা কার্যক্রম শনাক্ত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (BFIU) প্রতিবেদন দাখিল করা।
মনে রাখতে হবে, সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন করার জন্য অপরাধ সংঘটিত হওয়ার চূড়ান্ত প্রমাণের প্রয়োজন নেই। যুক্তিসংগত সন্দেহের ভিত্তিতে যথাযথ অনুসন্ধান ও বিশ্লেষণের পর প্রযোজ্য বিধান অনুযায়ী STR/SAR দাখিল করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহককে প্রতিবেদন দাখিলের বিষয়টি জানানো যাবে না। একে বলা হয় Tipping-off, যা অনুসন্ধান ও তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে।
৬. প্রযুক্তিনির্ভর নজরদারি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ
বর্তমান সময়ে বিপুলসংখ্যক লেনদেন হাতে হাতে পর্যবেক্ষণ করা কঠিন। তাই ব্যাংকগুলোকে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা, গ্রাহকের ঝুঁকি মূল্যায়ন, নিষেধাজ্ঞার তালিকা যাচাই এবং অস্বাভাবিক লেনদেন শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি AML & CFT নীতিমালা, স্বাধীন কমপ্লায়েন্স কার্যক্রম, অভ্যন্তরীণ নিরীক্ষা এবং নিয়মিত কর্মী প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শুধু নীতিমালা তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না; বাস্তবে তা অনুসরণ হচ্ছে কি না, সেটিও নিয়মিত পরীক্ষা করতে হবে।
AML & CFT প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা জরুরিঃ
অর্থপাচার প্রতিরোধ শুধু BFIU, বাংলাদেশ ব্যাংক কিংবা ব্যাংকের AML Compliance বিভাগের একক দায়িত্ব নয়। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে এ দায়িত্বের অংশীদার হতে হবে। বিশেষ করে শাখা কর্মকর্তা, ক্রেডিট কর্মকর্তা, ট্রেড ফাইন্যান্স কর্মকর্তা, লেনদেনের মেকার ও অথরাইজারদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে। তাঁদের বোঝাতে হবে, কোন ধরনের লেনদেন স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের বাইরে এবং কোন পরিস্থিতিতে অতিরিক্ত যাচাই প্রয়োজন। নিয়মিত AML & CFT সভা, কেস স্টাডি, কুইজ, বাস্তব ঘটনার বিশ্লেষণ এবং বিভাগভিত্তিক সচেতনতামূলক প্রশিক্ষণ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনাকেও নিশ্চিত করতে হবে, ব্যবসায়িক প্রবৃদ্ধি বা মুনাফার চাপে যেন AML & CFT নিয়ন্ত্রণ দুর্বল না হয়।
উপসংহার: অর্থের উৎস থেকে চূড়ান্ত গন্তব্য প্রতিটি ধাপের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অর্থপাচারের কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কখনো হুন্ডি, কখনো ভুয়া আমদানি-রপ্তানি, কখনো বেনামি সম্পদ, আবার কখনো ব্যাংকঋণ ও তৃতীয় পক্ষের লেনদেন ব্যবহার করে অবৈধ অর্থের উৎস আড়াল করা হচ্ছে। সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রেও অর্থের উৎস বৈধ বা অবৈধ দুই ধরনেরই হতে পারে; তাই অর্থ কোথায় যাচ্ছে এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এই পরিবর্তিত বাস্তবতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শুধু লেনদেন সম্পন্ন করার প্রতিষ্ঠান হিসেবে নয়, আর্থিক অপরাধ প্রতিরোধের গুরুত্বপূর্ণ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একটি কার্যকর AML & CFT ব্যবস্থা গড়ে তুলতে গ্রাহকের পরিচয় যাচাই, প্রকৃত সুবিধাভোগী শনাক্তকরণ, অর্থের উৎস পরীক্ষা, লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক কার্যক্রম প্রতিবেদন এবং কর্মীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো লেনদেনের ক্ষেত্রে শুধু কাগজপত্র ঠিক আছে কি না, তা দেখলেই চলবে না; লেনদেনটি কেন হচ্ছে, অর্থ কোথা থেকে এসেছে এবং শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে-এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
লেখক: মো: তোফায়েল করিম খান, সিইআরএম
কর্মস্থল: সিপিসি ক্রেডিট অপারেশন ডিপার্টমেন্ট, ঢাকা ব্যাংক পিএলসি


































Recent Comments