ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এর আগে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জুন-আগস্ট ২০২৬ সময়ে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত বহাল ছিল।
বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি বিবেচনায় বাড়তি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর দিতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট মূল্যে দরপত্রে অংশগ্রহণে তাদের আগ্রহ কমে যেতে পারে।
এতে প্রতিযোগিতামূলক মূল্যে জ্বালানি তেল সংগ্রহের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ পরিস্থিতিতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক দামে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments