ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রচারেই প্রসার’ বিজ্ঞাপনের এমন মন্ত্র যদি গোটা দুনিয়া কাজে লাগাতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নয় কেন? তবে বিসিবির প্রচার ও প্রসার হচ্ছে উল্টো পথে। তবে নেতিবাচক প্রসারও যে দুহাত ভরে বোর্ড কর্তারা গ্রহণ করবেন, তা কল্পনাকেও হার মানায়।

এবারের বিপিএল নিয়ে শুরু থেকেই সমালোচনা। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার বক্তব্যে মাঠে নামার আগেই সমালোচনার ঝড় উঠে যায়। সেই ঝড় বয়ে যায় খেলা শুরুর পরেও। এবার বিপিএলের আট ম্যাচেই ঘটেছে নানা ঘটনা। যা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে শিষ্টাচারের সীমা অতিক্রম করার ঘটনা। বিপিএল নিয়ে হৈহুল্লোড় আছে, আলোচনা হচ্ছে, কফি শপ থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনা হচ্ছে। কিন্তু ব্র্যান্ডভ্যালু বাড়ছে কি না তা নিয়ে প্রশ্নে স্রেফ শঙ্কায় আয়োজকরা।
মাঠের আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। কিন্তু খেলা শুরুর পর নিয়ম ভঙ্গের দায় তো ক্রিকেটারদেরও আছে। ডিআরএসের মতো অতি প্রয়োজনীয় প্রযুক্তি খেলায় ব্যযহার করতে না পারায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল শুরু থেকেই সমালোচিত। এরপর ফ্র্যাঞ্চাইজিরা অনুশীলনের শুরু থেকে খেলোয়াড়দের জার্সি দিতে না পারায় সমালোচনা আরো বেড়ে যায়। সেসব ছাপিয়ে খেলা শুরু হয়।
এরপর মাঠে শুরু হয় খেলোয়াড়দের অখেলোয়াড় সুলভ আচরণ। সৌম্য সরকার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত পাল্টানোর মতো ঘটনা ঘটিয়েছেন। তাতে প্রতিপক্ষ দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান। রাজনৈতিক কর্মসূচি শেষে মাঠে প্রবেশ করে নিজের তৈরি হতে সময় নেওয়ায় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস করতে নামতে পারেননি। দলের টিম লিস্টে তার হয়ে স্বাক্ষর দেন মুশফিকুর রহিম, টসও করেছিলেন তিনি।
বাউন্সে আম্পায়ার নো বল কল না করায় ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব মেজাজ হারিয়েছেন মুহূর্তেই। আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেখানে কথা আম্পায়ারকে শুনিয়েও এসেছেন তিনি।
এছাড়াও ঢাকায় প্রথম পর্বের শেষ দিনে খেলা থামিয়ে মাঠে ঢুকে নতুন বিতর্কে জড়ান সাকিব। স্ট্রাইক ও নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানদের নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সাকিবের সঙ্গে মাঠে একই কাজ করেন রংপুরের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। সেই ম্যাচেই এনামুল হক বিজয় আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।
আগের ভুল, অখেলোয়াড়সুলভ আচরণের জন্য খেলোয়াড়রা পার পেয়ে গেলেও সাকিব, সোহান ও এনামুলকে শাস্তি দিয়ে জরিমানা করা হয়েছে।
মাঠে খেলোয়াড়দের এসব কর্মকাণ্ডে বিপিএল যে সমালোচিত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিপিএলের ব্র্যান্ডভ্যালু খারাপ করার দায় তো ক্রিকেটারদের ওপরও যায়। বিসিবির এক পরিচালক সে এই কথা বললেন, ‘সীমাবদ্ধতার ভেতরেও বিপিএল আয়োজন করে বিসিবি নিজেদের সামর্থ্য দেখিয়েছে। যেভাবেই হোক খেলাটা মাঠে চালু আছে। কিন্তু খেলার মাঠে অখেলোয়াড় সুলভ আচরণগুলো খেলোয়াড়রা না করলেই পারে।
বিপিএলে যে এডিআরএস ব্যবহার হচ্ছে তা সঠিক সিদ্ধান্ত দেওয়ার থেকে বেশি সংশয় সৃষ্টি করছে। এডিআরএসে নেই বল ট্র্যাকিং, হক আই, স্নিকো বা ন্যূনতম সুযোগ সুবিধা। এমন রিভিউ প্রক্রিয়ার কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছেন রংপুরের অধিনায়ক সোহান, ‘এই ডিআরএস না থাকলেই ভালো হতো।’ প্রায় একই সুরে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। বরং এডিআরএস না থাকলে আম্পায়াররা আরো অথোরিটি নিয়ে দায়িত্ব পালন করতে পারতেন বলেও মনে করেন তিনি।
‘অনেক কিছু ভালো হতে পারতো, অনেক সীমাবদ্ধতা আছে। তবে টুর্নামেন্ট যখন মাঠে গড়িয়েছে… দেখুন, আমরা আগে একবার প্রায় দুইশ তাড়া করে জিতেছি, আজকে দুইশ করেছি, অন্যান্য ম্যাচে ১৬০ রান তাড়া করছে, ক্রিকেটারদের একটা অভ্যাস গড়ে উঠছে। দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার লেভেল উপরে নিতে না পারে, এটা তার ব্যাপার।’- বললেন চারটি বিপিএল শিরোপা জয়ী মাশরাফি।
তিনি আরও বলেন, ‘বাইরে থেকে আম্পায়ার এনে (কাজ চালানো যায়)… কিন্তু আমি বলবো, আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে নিজেদেরকে মেলে ধরার। তারা এখন থেকে যদি কিছু শেখে, তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত আসলে হবেই, এটা স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্যান্য কিছু নেই। আমার কাছে মনে হয়, কিছু সাহসী সিদ্ধান্ত যদি নেওয়া যায় মাঠে, আম্পায়াররা যদি দিতে পারে, যেরকম আমরা বাইরে দেখি বা আন্তর্জাতিক ম্যাচে… সেরকম স্ট্যান্ডার্ড সেট করতে হলে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ নিতে হবে মাঠে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments