ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,, বৈঠকে যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন সৌদি যুবরাজ।
যুবরাজ সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন, প্রায় ২৮ লাখ বাংলাদেশির কঠোর পরিশ্রম সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
যুবরাজ সালমান রিয়াদ এক্সপো ২০৩০-এর আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান।
সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবরাজ সালমান বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments