ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা ৪৮ ঘণ্টার হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) বিআরটিসির একটি বাসে ভাঙচুর করা হয়েছে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহিদুল ইসলাম জিহাদ, তিনি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী। রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।

গাড়িতে থাকা শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছাড়ে। বাস মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০-১২ জন পিকেটার একটা গলি থেকে বের হয়ে বাসে ঢিল মারা শুরু করে। এসময় বাসের ৪ টি জানালা ভেঙে যায়। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
আহত শিক্ষার্থীর শাহিদুল ইসলাম জিহাদ জানান, তিনি মহিষের ডিপো এলাকায় নামার দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে বাসে ঢিল ছোড়া শুরু হয়ে যায়, তখন চালক ব্রেক কষলে তিনি বাস থেকে পড়ে যান। এ সময় তার হাঁটুর চামড়া ছিলে যায় এবং পায়ে ব্যথা পান। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তার সহপাঠীরা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টিম ঘটনায় জড়িতদের ধরার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments