ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশের ভূমিকা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান টাকেও কোইকে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস এবং সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের রিজিওনাল হেড শুজি হাশিজুমেসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএমসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments