ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে লিও আইসিটি ক্যাবলস পিএলসি। কোম্পানিটি ৭ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) জন্য আবেদন করেছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে কোম্পানিটির কিউআইও আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৭ অক্টোবর লিও আইসিটি ক্যাবলস পিএলসি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে কিউআইও আবেদন করেছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে কিউআইও’র আবেদন জমা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত কিউআইও’র আওতায় কোম্পানিটি ৭ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে। এই অর্থ মূলত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং কিউআইও’র কাজে ব্যয় করা হবে।
গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত লিও আইসিটি ক্যাবলসের ফাইবার অপটিক কেবল, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অপটিক্যাল নেটওয়ার্কিং ইউনিট উৎপাদন করে। আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের কাঁচামাল ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘দেশের হাইটেক পার্কে অবস্থিত লিও আইসিটি ক্যাবলস ফাইবার অপটিক কেবল, অনু, রাউটার ও লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। এই কিউআইও ইস্যুর মাধ্যমে শুধু তাদের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।’’
লিও আইসিটি কেবলস পিএলসি ২০১৮ সালের ১৯ মার্চ প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর ২০২৪ সালের ২৫ মার্চ কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়। লিও আইসিটি কেবলসের পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটি কিউআই’র মাধ্যমে ১০ টাকা মূল্যের ৭০ লাখ শেয়ার ছেড়ে ৭ কোটি টাকা সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানি) রুলস, ২০২২ অনুসারে মূলধন সংগ্রহের জন্য কোম্পানিটি কিউআইও আবেদন করেছে।
সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৯৪ টাকা। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের ৩০ জুন শেয়ারপ্রতি মুনাফা ছিল যথাক্রমে ১.৯৩ ও ২.৩৪। এছাড়া ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩১ টাকা।
ডেইলি শেয়াবাজার ডটকম/এম
























Recent Comments