ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব হিসাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রত্যেক উপার্জনকারীর মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা, আর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়—এই তিনটি দৃষ্টিকোণ থেকে হিসাব করা হয়েছে। এসব হিসাবের জন্য সিপিডি নতুন কোনো জরিপ করেনি; বিদ্যমান গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবারের আকার চারজন এবং উপার্জনকারীর সংখ্যা গড়ে ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে।
তিনি বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট ছিল। মজুরি নির্ধারণে সরকারেরও সক্রিয় দায়িত্ব রয়েছে। দীর্ঘমেয়াদে শ্রমিকদের জীবনযাত্রার মান ও মর্যাদা নিশ্চিত করতে জীবনধারণযোগ্য মজুরির দিকে যেতে হবে এবং বিকল্প হিসেবে স্থায়ী মজুরি কমিশন গঠন করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments