ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২০২৭ পুঁজিবাজারের আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)।
রোববার চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত নীতিগত উদ্যোগগুলো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, মাননীয় অর্থমন্ত্রী ঘোষিত প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।
তিনি জানান, বাজেটে প্রথমবারের মতো পুঁজিবাজার-সংক্রান্ত নীতিকৌশল অন্তর্ভুক্ত হওয়াকে সিএসই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। বিশেষ করে কমোডিটি এক্সচেঞ্জ চালু, বন্ড ও সুকুক মার্কেট সম্প্রসারণ, REITs ও ETFs-এর সম্ভাবনা, ডিজিটাল আইপিও প্রক্রিয়া এবং দ্রুততর লেনদেন নিষ্পত্তি (T+0) ব্যবস্থার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।
সিএসই জানায়, তারা ইতোমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি আধুনিক ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ডেরিভেটিভস, গ্রিন বন্ড ও ইনডেক্সভিত্তিক পণ্যের লেনদেন পরিচালনায় প্রস্তুত রয়েছে।
বাজেট প্রস্তাবনার অংশ হিসেবে সিএসই নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য কর অবকাশ, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানো, কর্পোরেট বন্ড মার্কেটের জন্য সুস্পষ্ট কৌশল নির্ধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কর সুবিধা বহাল রাখার আহ্বান জানিয়েছে।
সিএসই মনে করে, ঘোষিত সংস্কারগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের পুঁজিবাজার একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে পরিণত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments