ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বাঁচা-মরার লড়াইয়ের সামনে নিউজিল্যান্ড। সিরিজের শেষ টেস্টে আগামী ৬ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ ও কিউইরা। বড় হার নিয়ে ঢাকায় ফেরার পর সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসে ব্ল্যাকক্যাপসরা। সিলেট টেস্ট হারলেও ঢাকা টেস্টে ভাল করতে যথেষ্ট আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। সফরকারী দলের লেগ স্পিনার ইশ সোধি জানিয়েছেন, বাংলাদেশের দেখানো পথ অনুসরণ করেই দ্বিতীয় টেস্টে জয়ের খোঁজ করবে তারা।

সিলেটে নিউজিল্যান্ডের বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। মিরপুরে তাই ভাল কিছু করার প্রত্যয় নিয়ে সোধি বলেন, ‘আশা করছি আমরা একটি বোলিং গ্রুপ হিসেবে একসঙ্গে পারফর্ম করতে পারবো। স্পিন গ্রুপ বা যাই হোক না কেন আমরা চেষ্টা করব উন্নতি করতে।
ঢাকার উইকেট একটু হলেও চেনা কিউই এই স্পিনারের। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। তার ধারণা সিলেটের চেয়ে মিরপুরে স্পিনাররা বেশি সুবিধা পাবেন। তাই দ্রুত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের তৈরি করার তাগিদ দিয়েছেন এই কিউই স্পিনার। তিনি বলেন, ‘কন্ডিশনটা আমাদের বুঝতে হবে। এটা টার্ন করে কি করে না। এখানে আগ্রাসী হবো না রক্ষণাত্মক থাকব এটা বুঝতে হবে। দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি। তার আগে দুদিন খুব ভালো অনুশীলনের সুযোগ থাকছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments