ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীতে সাকাল থেকেই আকাশ মেঘলা। আজ (১৫ মার্চ) সকালবেলা হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিলো। কিন্তু হলো অনেক পরে। আজ খুলনা থেকে সিলেট-এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের নদীবন্দরের সতর্কবার্তার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অথবা ঝড় হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থার (৩ দিন) ক্ষেত্রে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments