মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানও পাবে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
spot_img
spot_img

যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানও পাবে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য নয়, বরং যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করতে সরকার একটি সাধারণ নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে-এমন ব্যাখ্যা সঠিক নয়। সরকার স্পষ্ট করেছে যে বিষয়টি তা নয়। বরং সবাই যেন ব্যবসা করতে পারে, সেজন্য একটি সাধারণ নীতিমালা তৈরি করা হচ্ছে।

তিনি জানান, প্রস্তাবিত নীতিমালার আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোও জ্বালানি তেল আমদানি ও বিক্রি করতে পারবে।

মন্ত্রী বলেন, কিছু পেট্রোলিয়াম পণ্য বেসরকারি খাতে কেনার অভিজ্ঞতার ভিত্তিতে সরকার এখন জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর কথা ভাবছে।

তিনি বলেন, পদ্মা, মেঘনা বা যমুনার পাম্পের পাশাপাশি কোনো বেসরকারি কোম্পানির পাম্প থাকলে ক্রেতা নিজের পছন্দ অনুযায়ী তেল কিনতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থায় কম দামে তেল পাওয়া গেলে মানুষ সেখানে যাবে, আবার কেউ চাইলে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও কিনতে পারবে।

গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম খাতের অবকাঠামো উন্নয়নেও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা সরকার একা পূরণ করতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগ নিয়ে ওঠা সমালোচনার জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। নির্দিষ্ট কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ ‘অযৌক্তিক’ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক হলেও রাজনৈতিক স্বার্থে জ্বালানি সংকটকে ব্যবহার করার চেষ্টা জাতীয় স্বার্থের পরিপন্থি।

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী সাড়ে চার বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনার সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ ভূমিভিত্তিক ও ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে আসতে পারে।

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকার কাজ করছে বলে জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, সিটি করপোরেশনগুলো উপযুক্ত ভবন নির্ধারণ করবে এবং বেসরকারি বিনিয়োগকারীরা নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগের অর্থ ফেরত পেতে পারবেন।

প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়েও এ ঘাটতি পূরণ করা যাচ্ছে না।

তিনি জানান, দেশের গ্যাস উৎপাদন প্রতিবছর প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট করে কমছে। বর্তমানে বাংলাদেশ দুটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) ওপর নির্ভরশীল।

সরকার দুই বছরের কম সময়ে নতুন একটি এফএসআরইউ চালু করার লক্ষ্য নিয়েছে এবং তৃতীয় ও চতুর্থ এফএসআরইউ স্থাপনের বিষয়ও বিবেচনা করছে।

মাতারবাড়ীতে ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি এটিকে দেশের এলএনজি আমদানি সক্ষমতা বাড়ানোর দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া সমুদ্রভিত্তিক তেল ও গ্যাস অনুসন্ধান এবং স্থলভিত্তিক অনুসন্ধান কার্যক্রম জোরদারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বাপেক্সকে আরও শক্তিশালী করতে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কর্মকর্তাদের বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার নিজেও আমদানিতে যুক্ত হয়ে বেসরকারি খাতের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিতরণ ব্যবস্থায় অংশ নিতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments