বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে
spot_img
spot_img

রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথমে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া হলেও স্থিতিশীলতা বজায় রাখতে পরে তা কমিয়ে ৩০০ মেগাওয়াট করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

পরীক্ষামূলক সরবরাহের ফল সন্তোষজনক উল্লেখ করে সন্ধ্যায় মন্ত্রী ফকির মাহবুব বলেন, জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সংযোগ বা সিনক্রোনাইজেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এই সংযোগকে বাণিজ্যিক উৎপাদনের শুরু বলা যাবে না। কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে এ পরীক্ষা চলছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ দেওয়ার কথা। এর পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপের ফল সন্তোষজনক হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে পরবর্তী পরীক্ষা শুরু হবে। এ সময় ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে।

রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। তবে কেন্দ্রের নিজস্ব যন্ত্রপাতি, শীতলীকরণ পাম্প ও নিরাপত্তাব্যবস্থা চালাতে প্রতিটি ইউনিটে গড়ে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হবে। ফলে দুটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহযোগ্য বিদ্যুতের পরিমাণ হবে প্রায় দুই হাজার ৬০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক সংযোগের পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে যেতে আরও প্রায় ১০ মাসের পরীক্ষা ও কারিগরি কার্যক্রম প্রয়োজন হবে। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, পরীক্ষা শেষে প্রথম ইউনিটটি

প্রাথমিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত পরিচালন সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কাছে কেন্দ্রটির দায়িত্ব হস্তান্তর করা হবে।

গ্রিড সংযোগ কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাফল্যের মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে জাহেদুল হাসানের নেতৃত্বে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান। প্রযুক্তিমন্ত্রী কেক কেটে এই আনন্দ উদযাপনে অংশ নেন।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিট স্টেজ-সি (ধাপ-সি) কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়াই চূড়ান্তভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের মাধ্যমে এর কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পারমাণবিক বিশেষজ্ঞ ড. মো. শফিকুল ইসলাম বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশীয় জনবলের দক্ষতা বাড়ানো। রুশ বিশেষজ্ঞদের সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা শুরুর দিকে প্রয়োজন হবে। কিন্তু দীর্ঘ মেয়াদে কেন্দ্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা তদারকি এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশিদেরই নিতে হবে। তিনি বলেন, প্রযুক্তি ও পরিচালনাগত জ্ঞান ধীরে ধীরে দেশীয় জনবলের কাছে হস্তান্তর করতে হবে। লক্ষ্য হওয়া উচিত, বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ যেন দ্রুত নিজের সক্ষমতায় কেন্দ্রটি নিরাপদে ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে।

ব্যবহৃত জ্বালানি রাশিয়ায়, অন্য বর্জ্য সামলাতে হবে দেশে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য বড় দায়িত্ব হয়ে উঠবে। এ বর্জ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুল্লিতে ব্যবহারের পর বের হওয়া পারমাণবিক জ্বালানি। এ জ্বালানি থেকে দীর্ঘ সময় তেজস্ক্রিয়তা নির্গত হয়। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৭ সালের ৩০ আগস্ট সই হওয়া চুক্তি অনুযায়ী, রূপপুরের ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে তা পুনঃপ্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনার কথা রয়েছে। তবে জ্বালানি ব্যবহারের পরপরই তা রাশিয়ায় পাঠানো সম্ভব নয়। নির্দিষ্ট সময় নিরাপদে সংরক্ষণ ও শীতল করার পর বিশেষ ব্যবস্থায় পরিবহন করতে হবে।

অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত পরিচালনায় তরল, কঠিন ও গ্যাসীয়—বিভিন্ন ধরনের নিম্ন ও মধ্যম মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হবে। এসব বর্জ্য সংগ্রহ, পৃথক্‌করণ, প্রক্রিয়াজাতকরণ, বিশেষ পাত্রে সংরক্ষণ এবং নিরাপদে ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশেরই। রূপপুর প্রকল্পে তরল তেজস্ক্রিয় বর্জ্য শোধন ও কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি সরবরাহের চুক্তিও হয়েছে।

২০১৯ সালে জাতীয় নীতি অনুমোদনের মাধ্যমে তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণ করা হয়। তবে ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফেরত পাঠানোর চুক্তি থাকলেও দেশে তৈরি হওয়া অন্য তেজস্ক্রিয় বর্জ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল, নিয়ন্ত্রক তদারকি এবং বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি অর্থায়ন কার্যকর রাখতে হবে।

গ্রিড সামলানো বড় চ্যালেঞ্জ

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সঞ্চালনব্যবস্থা উন্নয়নে কয়েক বছর ধরে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রকল্পের আওতায় ৪০০ কিলোভোল্টের ৪৬৪ কিলোমিটার এবং ২৩০ কিলোভোল্টের ২০৫ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রিডের বিভিন্ন উপকেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ ও সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬৫২ কোটি টাকা।

রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে রূপপুর-গোপালগঞ্জ ১৫৮ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্ট সঞ্চালন লাইন ২০২৫ সালের ২ জুন চালু করা হয়। তবে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চালু হওয়ার পর গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি হবে। বিশেষ করে এক হাজার ২০০ মেগাওয়াটের কোনো একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেলে একসঙ্গে বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ কমে যাবে। এতে গ্রিডের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে বিকল্প বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত রাখা, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং গ্রিডের সুরক্ষাব্যবস্থা কার্যকর রাখা জরুরি।

দীর্ঘ প্রকল্প, বিপুল ব্যয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৩ সালে। ওই বছরের অক্টোবরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৫ সালের ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহযোগী অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের সঙ্গে মূল নির্মাণ চুক্তি হয়। ২০১৭ সালের নভেম্বরে প্রথম ইউনিটের মূল অবকাঠামোর কংক্রিট ঢালাই শুরু হয়।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া। অর্থাৎ প্রকল্পের প্রায় ৯০ শতাংশ অর্থায়ন হচ্ছে রুশ ঋণে। বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং বাস্তবায়নে বিলম্বের কারণে টাকায় প্রকল্পের ব্যয় বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সংশোধিত হিসাবে প্রকল্প ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পের মেয়াদও বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

বিদ্যুতের দাম কত হবে

রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগোলেও এর ক্রয়মূল্য এখনও চূড়ান্ত হয়নি। পিডিবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেন্দ্রটি থেকে ৬৯৫ কোটি ৯০ লাখ ইউনিট বিদ্যুৎ কেনার বিপরীতে ছয় হাজার ১৩৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের সম্ভাব্য ব্যয় দাঁড়ায় আট টাকা ৮২ পয়সা। তবে এটি বাজেটের প্রাক্কলন, চূড়ান্ত ক্রয়মূল্য বা অনুমোদিত ট্যারিফ নয়।

পিডিবি ও কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। প্রকল্পের ব্যয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচের পাশাপাশি পারমাণবিক জ্বালানির দামও চূড়ান্ত মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। পিডিবি কর্তৃপক্ষ জ্বালানির দামসহ প্রয়োজনীয় তথ্য চেয়েছে। এসব তথ্য যাচাই এবং ক্রয় চুক্তি চূড়ান্ত হওয়ার পরই প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

রূপপুরের বিদ্যুতের উৎপাদন ব্যয় নিয়ে একটি গবেষণায় জীবনচক্রের গড় ব্যয় প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিট বা কিলোওয়াট ঘণ্টায় প্রায় ৮ দশমিক ৪ সেন্ট। তবে এটি গবেষকদের অর্থনৈতিক মডেলভিত্তিক হিসাব, পিডিবির নির্ধারিত ক্রয়মূল্য নয়। গবেষণায় বলা হয়েছে, ঋণের সুদ, নির্মাণ ব্যয় ও পরিচালন খরচের ওপর বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেকটাই নির্ভর করবে। সহজ শর্তে ঋণ পাওয়া বা সরকারি ভর্তুকি থাকলে এ ব্যয় কমতে পারে।

বিদ্যুৎ ব্যবস্থায় কতটা প্রভাব

২০২৫-২৬ অর্থবছরের বিদ্যুৎ খাতের এক পর্যালোচনায় দেখা গেছে, ওই বছর দেশের মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ছিল ৩১ হাজার ৯৫১ মেগাওয়াট। অথচ সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৭ হাজার ২০১ মেগাওয়াট। একই সময়ে জ্বালানি সংকটের কারণে সর্বোচ্চ চাহিদার সময় গড়ে প্রতিদিন ২১১ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।
এ পরিস্থিতিতে রূপপুরের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের সর্বোচ্চ উৎপাদন ১৭ হাজার ২০১ মেগাওয়াটের তুলনায় এ পরিমাণ প্রায় ১২ শতাংশ। তবে পুরো সক্ষমতা সব সময় পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কেন্দ্রের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং গ্রিডের চাহিদার ওপর প্রকৃত সরবরাহ নির্ভর করবে।

পারমাণবিক বিদ্যুৎ চালু হলে গ্যাস ও তেলভিত্তিক কেন্দ্রের ওপর চাপ কমবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসও বৈচিত্র্য পাবে। তবে এতে গ্যাস অনুসন্ধান, জ্বালানি আমদানি কিংবা সঞ্চালন অবকাঠামোর প্রয়োজন শেষ হবে না। বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সরবরাহ করতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতাও বাড়াতে হবে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আশ্বাস

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে জনমনে সবচেয়ে বড় প্রশ্ন নিরাপত্তা। রূপপুরে রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তির তৃতীয় প্রজন্মের চুল্লি ব্যবহার করা হয়েছে। এতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শুধু চুল্লির নকশা বা যন্ত্রপাতি দিয়ে পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয় না। দক্ষ পরিচালনা, নিয়মিত পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও জরুরি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের আগস্টে পরিচালিত প্রি-অপারেশনাল সেফটি রিভিউ বা প্রি-ওসার্ট পর্যালোচনায় রূপপুরের প্রথম ইউনিটের কয়েকটি বিষয়ে উন্নতির সুপারিশ করা হয়। এর মধ্যে ছিল অগ্নিনিরাপত্তা ও আগুন মোকাবিলার প্রস্তুতি, পরিচালন কার্যক্রমের তদারকি এবং কমিশনিংয়ের সময় যন্ত্রপাতি সংরক্ষণের ব্যবস্থা জোরদার করা। তবে এ পর্যালোচনা কেন্দ্রটিকে নিরাপদ বা অনিরাপদ ঘোষণার সনদ নয়। পরিচালনার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার জন্যই এসব সুপারিশ করা হয়েছিল।

এ ছাড়া ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আইএইএর ১০ সদস্যের একটি দল বাংলাদেশে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করছে। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্কতা, উদ্ধার, চিকিৎসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় কতটা কার্যকর হবে, তা এ পর্যালোচনায় দেখা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments