ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষাবলম্বন নয়, বরং সত্যকে নির্ভুলভাবে জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। পাশাপাশি দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আলোচনাকে ইতিবাচক, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের কাঠামো ও কার্যক্রম নিয়ে আগামী ১৮ জুন অংশীজনদের সঙ্গে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে গণমাধ্যম প্রতিনিধিরা টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ ছাড়া সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং এ খাতের উন্নয়নে কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এখন সংশ্লিষ্ট মহলের নজর আগামী ১৮ জুনের সংলাপের দিকে, যেখানে স্বাধীন গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments