ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের চোখে অপারেশন হয়েছে। শনিবার পহেলা এপ্রিল সিঙ্গাপুরের এক হাসপাতালে এ অপারেশন হয়। অপারেশনটি সফল হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ডিপজল।

ক্যাপশনে ডিপজল লিখেছেন- আলহামদুলিল্লাহ, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে খুব ভালোভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। আপনাদের সবার দোয়া প্রত্যাশা করছি।
সিঙ্গাপুর যাওয়ার আগে ডিপজল জানান, বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসবো। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি, সবার কাছে এই দোয়া চাই।
বেশ কিছু দিন ধরেই বাম চোখে সমস্যা অনুভব করেছেন ডিপজল। চোখের ছানি অপারেশনের পর সমস্যা দেখা দেওয়ায় এর আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় আবারও সিঙ্গাপুর গিয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, এবারের ঈদে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মজার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments