ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড নিয়ে প্রতারণা করায় কোম্পানির অ্যাকাউন্ট এবং পরিচালকদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সুহৃদ ইন্ডাষ্ট্রিজ এবং কোম্পানিটির পরিচালকদের (স্বাধীন পরিচালক ছাড়া) ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার নামে প্রতারণা করায় গত মঙ্গলবার কোম্পানিটির বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ করে রাখা হবে। কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে। এছাড়া ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জানাতে হবে।
গত ২১ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সুহৃদ ইন্ডাষ্ট্রিজ নিয়ে উল্লেখিত সিদ্ধান্ত জানানো হয়। বিএসইসির মুখপাত্র মো: রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসি’র মুখপাত্র জানান, কোম্পানিটি ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে যা ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডাদের দ্বারা অনুমোদিত হয়। এছাড়া চলতি বছরের ২৯ জানুয়ারি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদান করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জে জানানো হয়। কিন্তু অনেক বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছে যে তারা সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড পায়নি। তাই কোম্পানিটির বিষয়ে আজ কমিশন তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত: কোম্পানির সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ রাখা হবে। দ্বিতীয়ত: কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে এবং তৃতীয়ত আগামী ৭ দিনের মধ্যে ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


























Recent Comments