ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিজয়ের মাস, বাঙালির শ্রেষ্ঠ অর্জনের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় স্বাধীনতা। বীরত্বগাথা এমন মাসে ক্রিকেটে এলো গৌরবের এক জয়। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতার নতুন অধ্যায়ে জায়গা করে নিল টাইগাররা। যেখানে ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে। প্রথমবার দেশের মাঠে কিউইদের টেস্টে হারালেন নাজমুল হোসেন শান্তরা। আর টেস্টের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে অল্প দিনে দু’বার পরাজিত করার কীর্তিও গড়া হলো। এই জয়ের আগে গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে তাদের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা ওড়ান বিজয়ের কেতন। সব মিলিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৩ বছরের পথচলায় ১৯তম জয়ের স্বাদটা নিল স্বাগতিকরা। দেশের মাটিতে ৭৪ টেস্টে এটি তাদের ১৩তম জয়। আর ঘরের মাঠে সপ্তম প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছিল তাদের।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালের আলো ফুটতেই হাজির হন শখানেক দর্শক। সবুজ আর উঁচু-নিচু টিলাগুলো তখনও যেন জড়াজড়ি করে ঘুমিয়ে। এর মধ্যে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জয়ের সুবাস। উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ শুরু থেকেই গোছানো ফিল্ডিং সাজিয়ে চাপ তৈরির চেষ্টা করে। দুই প্রান্ত থেকে আক্রমণে আসেন আগের দিন দারুণ বল করা তাইজুল ও নাঈম। দু’জনের বোলিংয়ের সময়ই চারজন করে ফিল্ডার সাজানো হয় ব্যাটারদের আশপাশে। তাইজুল দুটি স্লিপ এবং একটি করে সিলি পয়েন্ট ও শর্ট লেগ রেখে বল করতে থাকেন। নাঈম ব্যবহার করেন একটি করে স্লিপ, লেগ স্লিপ, শর্ট লেগ ও সিলি পয়েন্ট। তাদের এমন জালে ঠিকই আটকা পড়ে কিউইরা। নিউজিল্যান্ডের লেজের তিন ব্যাটারকে আউট করতে মাত্র ৮৬ মিনিট সময় নিয়েছিলেন তাইজুলরা। আগের দিনের অসমাপ্ত ইনিংসের সঙ্গে এদিন ৬৮ রান যোগ করতে পেরেছিল কিউইরা। দিনের তিন উইকেটের মধ্যে তাইজুলের শিকার দুটি। নাঈমকে সুইপ করতে গিয়ে তাইজুলের হাতে ক্যাচ তোলেন মিচেল। এর পর সাউদি কিছু ছক্কা হাঁকিয়ে ২৪ বলে ৩৪ রান করেন বটে, তবে উইকেট দিতে হয় তাঁর তাইজুলের বলেই। সোধির ৯১ বলের সংগ্রামী ইনিংসও শেষ হয় তাইজুলের বলে সিলি মিডঅফে ক্যাচ দিয়ে।
আগের দিন সংবাদ সম্মেলনে আসা নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল খুব জোর গলায় বলেছিলেন, আমাদের মিচেল আছে। কিন্তু মিচেল পারলে তো। নাঈম হাসানের বলে মিচেল ক্যাচ তুলে দেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। ঝাঁপিয়ে পড়ে তা দারুণ কায়দায় লুফে নিলেন তাইজুল। এর পর বাকি লেজ গুটিয়ে দিতেও বেশি সময় নেয়নি বাংলাদেশ। তাইজুল ঘূর্ণিতে ১৮১ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে তাইজুলের হলো ১০ উইকেট। আগের দিনও নিউজিল্যান্ডের আশার গুড়ে বালি ঢালেন এই স্পিনাররা। নাঈম-মিরাজ রানের স্রোতে বাঁধ দেন আর শিকার ধরেন তাইজুল। সবচেয়ে মূল্যবান কেন উইলিয়ামসনের উইকেটও নেন তিনি। আর পুরো ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শান্ত। দলনেতা হিসেবে অভিষেক টেস্টে পান সেঞ্চুরির দেখা। ওপেনার মাহমুদুল হাসান জয়ও খারাপ করেননি। তারা ছাড়াও মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং মুমিনুল হক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করেও এনে দেন সফলতা। বাংলাদেশের ৩১০ ও ৩৩৮ রানের জবাবে অতিথিরা ৩১৭ ও ১৮১ রানে অলআউট হয়ে যায়।
দাপুটে এই টেস্ট জয় লেখা হয়ে থাকে তাইজুলের চিত্রনাট্যে, যেখানে সিলেট বলেই তাইজুলের তৃপ্তিটা বেশি। এটা যে তাঁর মধুর ভেন্যুও। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে নিয়েছিলেন ১১ উইকেট। এবার হলো ১০। যার সুবাদে দুই টেস্টেই ২১ উইকেট শিকার করলেন তাইজুল। এই জয়ে তাঁর অবদান যে সবচেয়ে বেশি, সে জন্য ম্যাচসেরার পুরস্কারও তাইজুলের হাতে ওঠে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবদানও কম নয়।
এমন ক্লিনিক্যাল জয়ে খুশি দলের সবাই। তা ছাড়া এই দলটার ওপর দলনেতা শান্তর আস্থা ছিল বেশ। সাকিব-তাসকিন-লিটনদের ছাড়া কেমন করবে বাংলাদেশ, সেটাও পরখ করা হলো। ম্যাচের আগে তো কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, এটা নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ দেখিয়ে দিল কীভাবে ম্যাচ জিততে হয়। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বেশি খুশি। এদিন সংবাদ সম্মেলনেও শোনালেন এমন সন্তুষ্টির কথা, ‘ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি… প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এ রকম জয়, খুবই আনন্দিত।
শুধু অধিনায়ক শান্ত একাই যে বিশ্বাস করেছিলেন, তা নয়। পুরো বাংলাদেশ দলও একই চিন্তা করেছে। সবার মধ্যে একটা ইচ্ছাশক্তি কাজ করে। সেই এক হয়ে পারফর্ম করার গল্প শুনিয়েছেন বাঁহাতি এই ব্যাটার, ‘আমি (চিন্তা নিয়ে) খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে (শুধু শুধু) অনুপ্রাণিত করার জন্য বলিনি। কথাটা নির্দিষ্ট করেছিলাম, এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল তা না, প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি, প্রত্যেক খেলোয়াড় ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা এসেছে যে, আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমি তখনই করেছি।’
যাই হোক, এই জয়ে খুলতে পারে বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাসের দুয়ার। ভারতের মাটিতে বিশ্বকাপে ভরাডুবির পর চারদিকে যেভাবে সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঝড় থামাতে এমন একটা জয় খুব প্রয়োজন ছিল বাংলাদেশের। এখন সিরিজ জয়ের লক্ষ্য। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে সেই লক্ষ্য পূরণের লড়াই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments