ডেইলি শেয়ারবাজার ডেস্ক পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নির্ধারিত সময়ে চলাচলের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট সময়ে চলাচল করলে এসব জাহাজকে মার্কিন সামরিক সুরক্ষা দেওয়া হবে। রাতে চলাচলকারী জাহাজে ইরানের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমান উপকূলঘেঁষা একটি নির্দিষ্ট নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে আকাশপথে সামরিক সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেপ্টেম্বরের শুরু থেকে এই সুরক্ষা দেওয়ার সময়সীমা কমিয়ে প্রতিদিনের দুটি নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর সমন্বয় কেন্দ্র থেকে সামুদ্রিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো ইমেইলবার্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ইরান সম্প্রতি রাতের অন্ধকারে জাহাজে হামলার মাত্রা বাড়িয়েছে। এ ধরনের হামলা ঠেকাতেই জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
পারস্য উপসাগর দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ খনিজ তেল পরিবহন করা হয়। গুরুত্বপূর্ণ এই নৌপথে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments