ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন গতবছর। জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারপরও গুঞ্জন উঠেছিল অবসর ভেঙে আসন্ন ভারত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলবেন তিনি। যদিও সেই গুঞ্জনে ছাই ঢেলে দিলেন বেন স্টোকস। এবারের অ্যাশেজ সিরিজ শেষ করেই লম্বা বিরতিতে যাচ্ছেন এই অলরাউন্ডার। ইংলিশ এই অলরাউন্ডারের ভাবনায় নেই বিশ্বকাপ।

অ্যাশেজ শেষ হওয়ার পরপরই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন স্টোকস। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ওয়ানডেতে ফেরার গুঞ্জন নিয়ে তিনি বলেন, ”আমি অবসরপ্রাপ্ত। এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনায় শুধু এটাই আছে। ছুটি কাটানোর পাশাপাশি আরেকটি ভাবনা আছে স্টোকসের। দীর্ঘদিন ভুগতে থাকা হাঁটুর চোট থেকে নিস্তার পেতে অস্ত্রোপচার করাবেন স্টোকস।
তিনি বলেন, ‘সমস্যাটার দ্রুত সমাধান করে ফেলতে চাই। আমি যখন চিকিৎসকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, তখন সিরিজ চলছিল। সুতরাং ওই সময় করানোর সুযোগ পাইনি। সুতরাং সময় বুঝে করে ফেলা উচিত কাজটা। তবে আমি মনে করি, এখন সময়টা এর উপযোগী। এখন আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলব। কী করলে আমি কোনো প্রচার দুশ্চিন্তা ছাড়াই বোলিং করতে পারব।
ওয়ানডে ছেড়ে দিলেও টেস্টে স্টোকস অবশ্য এখনই হাল ছাড়ছেন না। আপাতত তার চোখ ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফরে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ের ভালো সম্ভাবনাও দেখছেন তিনি। এ বিষয়ে স্টোকস বলেন, ‘এবারের অ্যাশেজ জয়ের খুব কাছে ছিলাম। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাব, তখন সেখানে অতীতের চেয়ে ভালো করার সম্ভাবনা বেশি থাকবে। আশা করছি, ২০২৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments