ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর এই প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে একটি চিঠি প্রেরণ করেছে টেলিকম খাত্রের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
জানা গেছে, প্রায় ৩৪ কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বিটিআরসির চিঠিতে বলা হয়, সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেওয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশটি আজ ১৮ জুলাই থেকেই কার্যকর হবে।
যদিও বিদ্যমান আইন অনুসারে, কোম্পানি সচিবই মূলত সংশ্লিষ্ট কোম্পানির মুখপাত্র। রেগুলেটরি কমপ্লায়েন্স পরিপালনসহ স্টেকহোল্ডারদের যোগাযোগের ক্ষেত্রে তিনি-ই মূখ্য ব্যাক্তি।
এ প্রসঙ্গে আমরা নেটওয়ার্কসের কোম্পানি সেক্রেটারি সৈয়দ মুনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে অর্থসূচককে তিনি বলেন, আমি আমরা নেটওয়ার্কসের মুখপাত্র নই, তাই এ প্রসঙ্গে আমি কিছু বলতে পারছি না।
এই নির্দেশনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্কস আইআইজি ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করে দেওয়া হলে কোম্পানিটির ইন্টারনেট সেবার মান হ্রাস পাবে পাশাপাশি তাদের সেবাগ্রহীতারা ধীরগতির ইন্টারনেট পাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments