ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের স্পাই ভার্সের নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’তে অভিনেত্রী আলিয়া ভাটের সাথে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে খলনায়কের চরিত্রে দেখা যাবে ববি দেওলকে।

সম্প্রতি ‘আলফা’ সিনেমার আন্ধেরির একটি স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ববি দেওল ও আলিয়া ভাটের। সিনেমাটির এক অ্যাকশন দৃশ্যে আলিয়া-ববিকে মারামারি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোনও ফুটেজ লিক হওয়া আটকাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
আর তাই প্রযোজক আদিত্য চোপড়া নিরাপত্তা বৃদ্ধির লক্ষে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল রেখেছেন সেটে।
কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে ‘আলফা’ সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে, গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।
এর আগে যশরাজের ব্যানারে স্পাই চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। এবং ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা।
এদিকে যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আদবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাকে স্পাই চরিত্রে।
‘আলফা’ ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে আলিয়াকে। স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন, এবার সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments