ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএনপি ও সমমনা সব রাজনৈতিক দলের আইনজীবীদের নিয়ে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ নামে নতুন একটি মোর্চা গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে এই মোর্চার আহ্বায়ক এবং গণফোরামের একাংশের নেতা সুব্রত চৌধুরীকে করা হয়েছে সদস্য সচিব।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এই মোর্চার ঘোষণা দেওয়া হয়। এদিন মোর্চার ৩৬ জন সাধারণ সদস্যেরও নাম ঘোষণা করা হয়েছে।
লিখিত বক্তব্যে মোর্চার আহ্বায়ক জয়নুল আবেদীন সংগঠনের তিন দফা লক্ষ্য তুলে ধরেন। এতে আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, লুণ্ঠিত ভোটাধিকার, সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনজীবীদের মর্যাদা রক্ষা; বাংলাদেশের সব বারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য নিশ্চিত করা এবং সুপ্রিম কোর্ট বারে তলবী সাধারণ সভার মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটিকে সার্বিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, নতুন মোর্চা দেশের প্রত্যেক বার সমিতিতে যেন আইনজীবীরা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে।
মোর্চার সদস্যরা হলেন- আইনজীবী মহসিন রশিদ, এ. এম. মাহবুব উদ্দীন খোকন, জগলুল হায়দার আফ্রিক, গিয়াস উদ্দিন আহম্মেদ, গরীব এ নেওয়াজ, ফরিদুজ্জামান ফরহাদ, কায়সার কামাল (প্রধান সমন্বয়কারী), কে. এম. জাবির, মাসুদ আহমেদ তালুকদার (সাবেক সভাপতি, ঢাকা বার), মো. বদরুদ্দোজা বাদল, আব্দুল জব্বার ভূঁইয়া, শাহ আহম্মেদ বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, গোলাম রহমান ভুইয়া, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, শফি উদ্দিন ভূঁইয়া, ফাহিমা নাসরিন মুন্নী, হাসনাত আব্দুল কাইয়ুম, মো. নজরুল ইসলাম ও সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।
উল্লেখ্য, আইনজীবীদের নবগঠিত এই মোর্চার আহ্বায়ক হিসেবে সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর–উল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে গত ৭ জুন এক চিঠিতে এই মোর্চায় তিনি থাকবেন না বলে জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments