ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবিএল) ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানায়, ইউসিবিএল ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। বিদ্যমান প্রতি দুইটি শেয়ারের বিপরীতে একটি (১:২ হারে) রাইট শেয়ার বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন।
এদিকে একই সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও সারসংক্ষেপও অনুমোদন করেছে বিএসইসি।
কমিশন সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এর সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments