ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতালির সিসিলির মেসিনা শহরের একটি জাদুঘর থেকে চুরি হয়েছে রেনেসাঁ যুগের ৪টি মূল্যবান শিল্পকর্ম। ধারণা করা হচ্ছে, বিখ্যাত ইতালীয় শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার এসব শিল্পকর্মের মূল্য প্রায় ৮ কোটি ইউরো।
গতকাল রবিবার সাংস্কৃতিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেসিনা মুমের আঞ্চলিক জাদুঘরে ঘটে এই চুরির ঘটনা। ওই সময় সিসিলিতে চলছিল ঐতিহ্যবাহী ফেরাগোস্তো উৎসব।
ইতালীয় সংবাদমাধ্যম ইল জার্নালে দেল্লআর্তে জানিয়েছে, শহরের ঐতিহ্যবাহী ভারার শোভাযাত্রাকে কেন্দ্র করে মেসিনার কেন্দ্রে তখন সমাগম হয়েছিল বিপুল মানুষের। একই সঙ্গে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
ধারণা করা হচ্ছে, শহর জুড়ে তৈরি হওয়া এই ব্যস্ততার সুযোগই নিয়েছে চোরেরা।
ইতালীয় দৈনিক কোরিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, চোরেরা ভিয়ালে আনুনজিয়াতা এলাকার সীমানা প্রাচীর কেটে জাদুঘরের চত্বরে ঢোকে। পরে একটি দরজা ভেঙে গ্যালারিতে প্রবেশ করে তারা। জাদুঘরের ভেতরে ঢুকে চোরেরা সুরক্ষিত কাচের প্রদর্শনী কেস ভেঙে নিয়ে যায় শিল্পকর্মগুলো।
জাদুঘরের পরিচালক মারিসা মারকুরিও ইতালীয় সংবাদ সংস্থা আনসাকে বলেছেন, ঘটনাটি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার ভাষায়, চুরি যাওয়া দুটি শিল্পকর্ম আন্তোনেল্লো দা মেসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত কাজগুলোর মধ্যে রয়েছে।
মেসিনার স্থানীয় সংস্কৃতিবিষয়ক কাউন্সিলর এনজো কারুসো বলেছেন, ল্যুভরের মতো সিনেমার দৃশ্যের আদলে এমন একটি চুরি মেসিনার কেউ কল্পনাও করতে পারেননি।
শিল্পী আন্তোনেল্লো দা মেসিনা আনুমানিক ১৪৩০ সালে দেশটির সিসিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ইতালীয় প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। তার খুব অল্পসংখ্যক শিল্পকর্ম আজও টিকে আছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments