ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫৪ রানে অলআউট হয়ে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে দিনটা একেবারে খারাপ হয়ে যায়নি দলের, তার কারণ বড় এক সুখবর। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে মূলত এই সুখবরটি পেয়েছে দল।
প্রথম দিনে ব্যাটিং করার সময় তাইজুলের আঙুলে চোট লাগে। এরপর বোলিংয়ে একটা ওভারও করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামতে পারেননি। তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিল।
নাহিদ রানা এমনিতেই নেই এই সিরিজে। লিটন দাসকে নিয়ে আছে সংশয়। এর ওপর যদি তাইজুলও ছিটকে যেতেন, তাহলে আরও বিপাকে পড়ে যেত বাংলাদেশ। শেষমেশ তাকে নিয়ে সংশয় দূর হয়েছে অনেকটাই।
জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম জানিয়েছেন, তাইজুলের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি আশাবাদী যে প্রথম টেস্টের আগেই তাইজুল পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বায়জিদুল বলেন, ‘প্রথম দিনের চোটের কারণে তাইজুলের যে ব্যথা ও ফোলাভাব ছিল, তা অনেকটাই কমে গেছে। প্রথম টেস্টের এখনো পাঁচ দিন বাকি আছে। তাই আমরা চার দিন সময় পাব তার চোট নিয়ে কাজ করার জন্য। আমরা আশা করছি, প্রথম টেস্টের আগেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
প্রথম টেস্ট শুরু হবে ডারউইনে, ১৩ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ম্যাকাইতে, ২২ আগস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments