ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের অন্যতম বৃহত্তম ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন হাসান ও রশিদ। এর মধ্য দিয়ে তিনি ব্যাংকটির সাবেক এমডি আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, আলী রেজা ইফতেখার ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় ধরে ব্যাংকটির এমডি পদে আসীন ছিলেন, যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক উদাহরণ।
ইবিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসান ও রশিদ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে কাজ করে আসছেন। বর্তমান পদে যোগ দেওয়ার আগে তিনি প্রাইম ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ইবিএলের সঙ্গে তার সম্পর্ক পুরনো; এর আগে তিনি এই ব্যাংকেরই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছিলেন।
হাসান ও রশিদের রয়েছে বর্ণাঢ্য আন্তর্জাতিক কর্মজীবন। তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় নেতৃত্বের পদে সফলতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে আর্থিক রূপান্তর এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার ক্ষেত্রে তার বিশেষ পরিচিতি ও সুনাম রয়েছে।
শিক্ষাজীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন হাসান ও রশিদ। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ডের গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত উৎকর্ষের জন্য তিনি ‘ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং যুক্তরাজ্যের ওমেগা ইনস্টিটিউট থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদও লাভ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments