ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সঙ্গে প্রায় ১ বিলিয়ন (১০০৪ দশমিক ২৯ মিলিয়ন) মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এই ঋণচুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
এই উন্নয়ন প্রকল্পের আওতায় ইস্টার্ন রিফাইনারিতে প্রতি বছর অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের নতুন সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ পেট্রোলিয়ামজাত পণ্যের মোট চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ নিজস্ব শোধনাগার থেকেই পূরণ করা সম্ভব হবে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে এই প্রকল্পের নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং আইএসডিবি ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের। সাক্ষাতকালে বাংলাদেশ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আগামী দিনে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা আরও সুদৃঢ় করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments