ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রায় ৬ হাজার গ্রাহক তাদের জমা থাকা প্রায় ২৫০ কোটি টাকা তুলে নিয়েছেন। তবে জমা দেওয়া আবেদন ও গ্রাহকদের প্রত্যাশার তুলনায় প্রথম দিনে উত্তোলনের পরিমাণ কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। পাঁচটি ব্যাংক একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাংকের মোট শাখার সংখ্যা ৭৬১টি।
ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতের অর্থ ফেরত পেতে এরই মধ্যে প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।
আমানত ফেরতের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গেল রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। এরপর সোমবার সকালে শাখাগুলোর চাহিদা অনুযায়ী ওই অর্থ পাঠানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে ব্যাংকে আটকে থাকা নিজেদের আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকদের ভিড় ছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অনেক গ্রাহকই স্বাভাবিকভাবে টাকা উত্তোলন করতে পেরেছেন।
দীর্ঘ অপেক্ষার পর নিজেদের জমা অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। একই সঙ্গে টাকা উত্তোলনের সুযোগ চালু হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর কার্যক্রমে তৈরি হওয়া অচলাবস্থাও ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে মনে করছেন তারা।
মতিঝিলে এক্সিম ব্যাংকের একটি শাখা থেকে টাকা তুলতে আসা এক গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে নিজের জমা টাকা তুলতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে টাকা হাতে পাওয়ায় এখন অনেকটাই স্বস্তি লাগছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বলেন, আমানত উত্তোলনের জন্য এসে কোনো গ্রাহককে খালি হাতে ফিরতে হবে না। যারা টাকা তুলতে আসবেন, সবার আমানতের অর্থ ফেরত দেওয়া হবে।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে আমানতের অর্থ পরিশোধ করা হবে। এতে একসঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের চাপ তৈরি না করে পর্যায়ক্রমে অর্থ ফেরত দেওয়ার সুযোগ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments