বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিআরে শাটডাউন: সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি ও শুল্ক কার্যক্রম
spot_img
spot_img

এনবিআরে শাটডাউন: সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি ও শুল্ক কার্যক্রম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাত সংস্কারের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। আজ শনিবার সকাল থেকে এনবিআরে কোনো কাজ হয়নি। ভবনের ভেতরে কেউ ঢুকতে বা বের হতে পারেননি। আজ বন্ধ ছিল এনবিআরের সব সেবা।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর, বেনাপোল, হিলি বন্দর, বুড়িমারি স্থলবন্দর, আখাউরা স্থলবন্দর, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে বন্ধ আছে আমদানি–রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম।

আজ সকালে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে।

দেখা গেছে, সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা আগারগাঁও এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন। এনবিআরের সামনের রাস্তায় কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। এনবিআরের তিনটি ফটকে তালা ঝুলছে।

এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ, ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কার্যত অবরুদ্ধ রয়েছে এনবিআর কার্যালয়।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

চট্টগ্রাম বন্দর-

আজ ভোর ছয়টা থেকে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে গেছে। সকাল থেকে এ কর্মসূচি শুরুর পর থেকে বন্দরে পণ্য খালাস কার্যক্রমে বিঘ্ন তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। বন্দরের জেটির ভেতরেও পণ্য বোঝাইয়ের অপেক্ষায় জট তৈরি হয়েছে গাড়ির।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ হলেও আগে নিবন্ধন হওয়া জাহাজ থেকে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো কার্যক্রম চালু রয়েছে। নিবন্ধনহীন নতুন জাহাজ জেটিতে আসলে শাটডাউন কর্মসূচির আওতায় পড়বে। তখন বন্দরের কার্যক্রমেও প্রভাব পড়বে ব্যাপক হারে।

ঢাকায় ব্যবসায়ী নেতাদের জরুরি সংবাদ সম্মেলন-

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শীর্ষস্থানীয় ১৩টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলছেন, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সমর্থন করেন তারা। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বলছেন, চেয়ারম্যানকে অপসারণ কোনোভাবে কাম্য নয়। কারণ, আজ চেয়ারম্যান কাল হয়তো সংস্থার অন্য কোনো সদস্যের অপসারণের দাবি নিয়ে আন্দোলন শুরু হবে। ফলে সমস্যা বাড়তে থাকবে। উদ্ভূত পরিস্থিতির সমাধানে মঙ্গলবার নয়, আজই সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বেনাপোল স্থলবন্দর-

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউস। আজ শনিবার বন্ধ রয়েছে কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব।

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না।

মোংলা বন্দর-

‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে মোংলা কাস্টম হাউজ খোলা থাকলেও বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. শফিউজ্জামান জানান, শাটডাউন কর্মসূচির ফলে এখানে স্বাভাবিক কোনো কার্যক্রম চলেনি। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও বোর্ড জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, নতুন করে সেবা দেওয়া বন্ধ থাকলেও বন্দরে জাহাজে পণ্য উঠা-নামার কাজ স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দর-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। তবে আজ শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে আটা ও মাছের ২৬টি ট্রাক। কাস্টমস কর্মকর্তরা বলছেন, ২৬টি ট্রাকের কাগজপত্র আগের দিন স্বাক্ষর করা হয়েছিল।

স্থলবন্দরে দেখা যায়, কর্মচাঞ্চল্য নেই বন্দরে। ব্যবসায়ীদেরও আনাগুনা তেমন একটা চোখে পড়েনি। বন্দরের শূন্যরেখায় আগরতলায় যেতে মাছ ও আটা ভর্তি ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কাস্টমস অফিসে গিয়ে দেখা গেছে, কর্মকর্তারা অলস বসে আছেন। একজন অন্যজনের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন।

সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। পাশাপাশি আজ থেকে সারা দেশের শুল্ক–কর কার্যালয়ে শুরু হয়েছে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments