মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
spot_img
spot_img

এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের কাজ করবে, অন্যটি রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা দেখবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, নতুন কাঠামোর একটি অংশ হবে রাজস্ব নীতি বিভাগ। এটি সরকারের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শিল্প-বাণিজ্য সংগঠনের বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো তৈরির দায়িত্ব থাকবে এ বিভাগের।

অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আদায়ের কার্যক্রম বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রী জানান, এটি হবে সরকারের ‘অ্যাকশন টিম’।

তিনি বলেন, কর প্রদান ব্যবস্থা সহজ করা এবং কর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। রাজস্ব নীতি তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

আমির খসরু বলেন, দেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব আহরণের সক্ষমতা বাড়েনি। এই ব্যবধান দূর করতে বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি কর অব্যাহতি যৌক্তিক করা, কর ফাঁকি ও কর পরিহার বন্ধ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে করদাতাদের নিয়ম মেনে কর দেওয়ার প্রবণতা বাড়াতে হবে।

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগের অর্থবছরের তুলনায় এই লক্ষ্য ৪৬ শতাংশ বেশি। লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও তা ইচ্ছাকৃতভাবেই নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়। দেশের উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে নিজেদের রাজস্ব ও সম্পদের ওপর নির্ভরতা বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের।

রাজস্ব ব্যবস্থার সংস্কারে আধুনিকায়ন, করের আওতা বাড়ানো এবং অংশীদারত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে পুরো প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া করদাতাদের যেন রাজস্ব কর্মকর্তাদের সরাসরি সংস্পর্শে আসতে না হয়, সেই ব্যবস্থাও গড়ে তোলার কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, সরকারের লক্ষ্য একটি সম্পূর্ণ যোগাযোগমুক্ত ও ব্যক্তিনির্ভরতা কমানো রাজস্ব প্রশাসন তৈরি করা। এরই মধ্যে ই-ট্যাক্স ব্যবস্থাপনা, আসিকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং আধুনিক পণ্য স্ক্যানিং ব্যবস্থাসহ ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার বড় দুর্বলতা হিসেবে কম কর-জিডিপি অনুপাতের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। বৈশ্বিক বিবেচনায় এ হার অত্যন্ত কম।

তিনি আরও জানান, ২০২৩ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গড় কর-জিডিপি অনুপাত ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। একই সময়ে বাংলাদেশের এ অনুপাত ছিল মাত্র ৭ দশমিক ২ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্মেলন শুধু রাজস্ব আদায়ের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা করার জায়গা নয়। নিজস্ব অর্থায়নে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐকমত্য তৈরির ক্ষেত্রেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments