ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি মো. ফজলুল হক। রোববার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এবং জনস্বার্থ বিবেচনায় মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। গত ২৭ জুন ২০২৬ থেকে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নবনিযুক্ত প্রশাসকের প্রধান দায়িত্ব হবে এফবিসিসিআইয়ের নিয়মিত কার্যক্রম সচল রাখা এবং সংগঠনটির একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। পাশাপাশি নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে একই দায়িত্বে নিয়োগ পাওয়া আরও দুইজন প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে সক্ষম হননি। ফলে এফবিসিসিআইয়ের নেতৃত্ব নির্বাচন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শিব্বির বিচিত্র বড়ুয়া। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এফবিসিসিআইয়ের বর্তমান অচলাবস্থা দূর করে সংগঠনটির কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ী সমাজে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments