ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অংশ না নেওয়ার বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশ্বকাপে অংশগ্রহণ না করার পেছনের কারণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করবে এই কমিটি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।
তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।
এদিকে কমিটিতে বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। কারণ, তিনি বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসন সংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। পরে বিসিবিও সেই অবস্থানের প্রতি সমর্থন জানায়।
পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি ও বাংলাদেশের অবস্থানে সমঝোতা না হওয়ায় বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

























Recent Comments