ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। অথচ টুর্নামেন্টটির আয়োজক হিসেবে বারবার বেছে নেওয়া হচ্ছে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রকে। ২০১৬ ও ২০২৪ সালের পর ২০২৮ সালের আসরও যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা করছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল। সবকিছু ঠিক থাকলে এক যুগের ব্যবধানে তিনবার যুক্তরাষ্ট্রে বসবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরোনো এই মহাদেশীয় টুর্নামেন্ট।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, ২০২৮ সালের কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টুর্নামেন্টের ভেন্যু, সূচি এবং আমন্ত্রিত দেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি।
১৯১৬ সালে যাত্রা শুরু করা কোপা আমেরিকা বিশ্বের সবচেয়ে পুরোনো মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট। ঐতিহ্যগতভাবে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৬ সালে টুর্নামেন্টের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় কোপা আমেরিকার বিশেষ আসর। এরপর ২০২৪ সালেও আয়োজক হিসেবে বেছে নেওয়া হয় দেশটিকে।
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার বাইরে একই দেশে তিনবার বসবে কোপা আমেরিকার আসর। অর্থাৎ, টুর্নামেন্টের নাম ও পরিচয় দক্ষিণ আমেরিকাকেন্দ্রিক হলেও আয়োজনের ক্ষেত্রে ক্রমেই গুরুত্ব পাচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র। অন্য কোনো মহাদেশে নয়, দক্ষিণ আমেরিকার বাইরে গেলেই টুর্নামেন্টটির গন্তব্য হচ্ছে একই দেশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা ও রসিকতা। অনেকের মন্তব্য, টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার, অথচ খেলা হয় উত্তরে!
২০২৮ সালের আসর আয়োজনের ক্ষেত্রে কনমেবলের সামনে আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সময়সূচি। ওই বছরের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা। ফলে অলিম্পিকের সঙ্গে সূচির সংঘাত এড়িয়েই কোপা আমেরিকার ম্যাচের তারিখ নির্ধারণ করতে হবে আয়োজকদের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments