
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে।
আজ রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও যুক্ত হন।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। তাই করোনায় আক্রান্ত সংখ্যা এখনো ৪৮ জনেই রয়েছে। গতকাল শনিবারের প্রেস ব্রিফিংয়ে এই চিকিৎসক জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ১৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন ২৮ জন।
ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের চিকিৎসা দেয়ার জন্য ২৫০ ভেন্টিলেটর রয়েছে। আরও ৩০০ ভেন্টিলেটর নিয়ে আসা হবে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন তিনজন প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর মারা যান পাঁচজন।
































Recent Comments