ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দেশে এসেছে আরও একটি কার্গো। ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজটি মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে পৌঁছানোর পর এর থেকে এলএনজি খালাস শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে জাহাজটির সঙ্গে টার্মিনালের প্রথম সংযোগ স্থাপন করা হয়। এরপর ‘ওয়েন চেং’ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
স্পট মার্কেট থেকে বিপি সিঙ্গাপুরের মাধ্যমে এই এলএনজি কেনা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজিবাহী কার্গো দেশে আসে। এসব চালানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়েছিল।
এদিকে অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো দেশে আসার কথা রয়েছে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।
১ অক্টোবর দুপুর ২টার হিসাব অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
অন্যদিকে আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments