ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুক্রবার ১৭ জুন দিনগত রাত ১টার দিকে প্রবল বর্ষণের পর চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনায় রাত ১টার দিকে ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় দুই ভাই-বোন এবং অপরটিতে দুই সহোদর নিহত হয়েছে। পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বলেন, রাতে আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে আহত ৫ জনকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।ফায়ার সার্ভিস লিডার উচিং বলেন, শুক্রবার রাত তিনটার দিকে নগরের আকবরশাহ এলাকায় ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করি। ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments