জাতীয় যুবশক্তি-এনসিপির প্রথম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ রাজনৈতিক নেতা মো: শাহিন। এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, নেতৃত্বের দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো: শাহিন বলেন, রাজনীতি তার কাছে কেবল পদ-পদবির বিষয় নয়; বরং এটি জনমানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার একটি মহৎ মাধ্যম। তিনি জানান, জাতীয় রাজনীতিতে তার সক্রিয় পথচলার এক বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন।
তিনি বলেন, এই স্বল্প সময়ে দেশ ও দশের জন্য কতটুকু করতে পেরেছি তা জানি না, তবে আমার প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতায় কোনো কমতি ছিল না।
মো: শাহিন আরও বলেন, জাতীয় যুবশক্তির প্রথম কাউন্সিলে তাকে পূর্বের দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় দলের শীর্ষ নেতৃত্ব ও সহযোদ্ধাদের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আশা প্রকাশ করেন, দলের এই আস্থা ও বিশ্বাসকে তিনি তার কর্মের মাধ্যমে আরও সুদৃঢ় করতে পারবেন। দেশের মানুষের ভালোবাসাকে নিজের রাজনৈতিক পথচলার প্রধান শক্তি উল্লেখ করে তিনি বলেন, একটি নতুন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়েই তিনি কাজ করে যেতে চান।
মো: শাহিন দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, আমৃত্যু যেন মানুষের কল্যাণে, ন্যায়ের পথে এবং দেশপ্রেমের আদর্শে নিজেকে উৎসর্গ করতে পারি।
দলের নেতাকর্মীদের মতে, মো: শাহিনের এই পদোন্নতি জাতীয় যুবশক্তির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং তরুণ নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। রাজনৈতিক অঙ্গনেও তার এই অগ্রযাত্রা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























Recent Comments