ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত টেক্সটাইল খাতের কোম্পানি জাহিন স্পিনং পিএলসিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাতে কোম্পানিটির এক কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৬ ডিসেম্বর (সোমবার) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। কোম্পানিটির কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে এবং খুব দ্রুত পুরো কারখানাটিকে গ্রাস করে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় বিশেষ করে কোম্পানিটির ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং ও শেড, গুদাম ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ মিলের তুলার গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
এছাড়াও আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডিএসই সূত্রে জানা গেছে, তিনটি ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মী-সিভিল ডিফেন্সের নিরলস প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা যায়নি। কোম্পানিটি পরে এ সংক্রান্ত তথ্য জানাবে বলে জানা গেছে।
উল্লেখ, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments