ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমদানি দায় পরিশোধের বাড়তি চাপ, প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনার পর বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরের প্রত্যাশায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বাড়তে শুরু করেছে মার্কিন ডলারের দাম।
ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, গত তিন থেকে চার সপ্তাহ ধরে ডলারের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
গত ২০ জুলাই কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এক্সচেঞ্জ হাউস থেকে প্রতি ডলার ১২৩ টাকা ৭৫ পয়সা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে, যা চলতি জুলাইয়ের শুরুর তুলনায় প্রায় ১০ পয়সা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার ৭৫ পয়সা বেড়ে ১২৩ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে। যদিও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংক রেফারেন্স রেট ১২২ টাকা ৮৫ পয়সা ধরে রেখেছিল, বাস্তবে ওই দরে খুব কম লেনদেন হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাংকের ট্রেজারি কর্মকর্তারা।
খাতসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সরকারি খাতের আমদানি দায় পরিশোধের চাপ বেড়েছে। শুধু জুন মাসেই ৭ বিলিয়ন ডলারের বেশি এলসি (ঋণপত্র) নিষ্পত্তি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় মার্চ ও এপ্রিল মাসে খোলা এলসিগুলোর অর্থ জুন ও জুলাইয়ে পরিশোধ করতে হচ্ছে। এছাড়া রমজান মাসে খোলা বেশ কিছু ইউপিএএস এলসি-র দায়ও চলতি মাসে পরিশোধ করা হচ্ছে।
অন্যদিকে, ডলারের সরবরাহ প্রত্যাশিত হারে বাড়েনি। গত জুনে দেশে ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের আট মাসের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৭০ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় বেশি। এতে বোঝা যায়, রপ্তানি আয়ের তুলনায় আমদানি চাহিদা অনেক বেশি শক্তিশালী রয়েছে।
ট্রেজারি প্রধানদের অভিযোগ, সরকারি এলসির দায় পরিশোধে কিছু ব্যাংক এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনে পরে কম দামে বিক্রি করছে। এতে বাজারে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং ডলারের বাজারে কৃত্রিম অস্থিরতা বাড়ছে।
তাদের মতে, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের আরও কঠোর তদারকি প্রয়োজন।
এদিকে, আইএমএফের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ডলারের বিনিময় হার আরও বেশি বাজারভিত্তিক হওয়ার ইঙ্গিত মিলেছে।
আইএমএফের আপত্তির পর বাংলাদেশ ব্যাংক আগের নির্ধারিত রেফারেন্স রেটের পরিবর্তে ওয়েবসাইটে সরাসরি চলমান আন্তঃব্যাংক ডলারের দর প্রকাশ শুরু করেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলায় বর্তমানে ডলারের বিনিময় হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক অনানুষ্ঠানিকভাবে আগের মতো হস্তক্ষেপ করছে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments