ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জমকালো আয়োজনে আজ শনিবার বিকেলে রাজধানীতে পর্দা উঠেছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ঢাকায় পৌঁছার পর শর্মিলা ঠাকুরকে উষ্ণ অভ্যর্থনা জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালসহ অনেকে। উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণও তিনি।

শনিবার বিকেল ৪টায় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উদ্বোধনী আসরে শর্মিলা ঠাকুর ঢাকায় আসার অভিজ্ঞতা জানিয়ে বলেন, অল্পের জন্য তীরে এসে তরী প্রায় ডুবতে বসেছিল। দিন, তারিখ সব চূড়ান্ত। বিমানের টিকিটও কেটে ফেলেছেন। কিন্তু বিমানবন্দরে এসে জানতে পারলেন, ফ্লাইট ক্যানসেল! তখন চোখ কপালে, মনে দুশ্চিন্তা। সেই অনিশ্চয়তা কাটিয়ে ঠিকই যথাসময়ে ঢাকায় পা রাখেন তিনি।
শর্মিলা ঠাকুর বলেন, ‘বৈচিত্র্যময় এ শহরে এসে আমি খুবই খুশি। তবে এই আসা প্রায় বাতিল হতে বসেছিল! ১৯ জানুয়ারি যখন আমি দিল্লি বিমানবন্দরে গিয়েছিলাম, আমাকে বলা হলো কুয়াশার কারণে ফ্লাইট ক্যানসেল। বাইরে তখন প্রচণ্ড ঠাণ্ডা। পরবর্তী ফ্লাইট ছিল আজকে (গতকাল শনিবার) যদি এই ফ্লাইট ধরতাম, তাহলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। পরে বাংলাদেশ বিমানের সহযোগিতায় ঢাকায় আসতে পেরেছি। একটা অ্যাডভেঞ্চার দিয়ে জার্নিটা শুরু হয়েছিল।
দ্বিতীয় অ্যাডভেঞ্চারের বর্ণনায় শর্মিলা বলেছেন, ‘আমাকে উৎসবের পরিচালক বলেছেন, হোটেল থেকে ভেন্যু হেঁটে গেলে মাত্র দুই মিনিট, আর গাড়িতে পাঁচ মিনিট। কিন্তু কোনো কারণে আমরা একটা ভুল মোড় নিয়ে ফেলি। যে কারণে আমরা প্রায় ৩৫ মিনিট দেরিতে পৌঁছলাম। এটা একরকম এডভেঞ্চারই ছিল। ঢাকার কিছু রূপও দেখা হয়ে গেল।
হাসিমাখা মুখে ঘটনাগুলো যখন বলছিলেন শর্মিলা, তখন তার কাছে একটি আর্জি রাখেন ঢাকা উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। অনুরোধটা বাংলায় কথা বলার। কিন্তু বিনয়ের সঙ্গেই সেটা ফিরিয়ে দেন অভিনেত্রী।
শর্মিলা ঠাকুরের ভাষ্য, ‘আমি বাংলায় কেন বলব, এটা তো আন্তর্জাতিক উৎসব। আর সবাই জানে যে, আমি বাংলা বলতে জানি। ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, সবাই বোঝে। প্লিজ মাফ করবেন।
এরপর ইংরেজি-বাংলার মিশেলেই বাকি বক্তব্য সারেন শর্মিলা। প্রশংসা করেন উদ্বোধনী আয়োজনের সাংস্কৃতিক পরিবেশনার। সেই সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উৎসবের স্লোগানের সঙ্গে। সবশেষে জানান, উৎসবের সমাপনী দিনে তিনি বাংলায় দীর্ঘ বক্তব্য দেবেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments