বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতিন রূপে মোশাররফ করিম
spot_img
spot_img

তিন রূপে মোশাররফ করিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট বা বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি একজন শক্তিমান অভিনেতা। এবার কখনও ভয়ের সহযোগী, কখনও ভয়ের শিকার, আবার কখনও ভয় সৃষ্টির কারণ- এই তিন রূপে অভিনেতা মোশাররফ করিমকে পাওয়াটা দর্শক-ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আর সমালোচকদের জন্য এটি উপভোগের উপলক্ষ তো বটেই। ঠিক সেই কাজটিই করে দেখিয়েছেন মোশাররফ করিম। এভাবেই ‘আধুনিক বাংলা হোটেল’ হয়ে দাঁড়িয়েছে এই অভিনেতার অভিনয় ক্ষমতার এক অনুপম প্রদর্শনী।

সম্প্রতি হ্যালোইনকে উপলক্ষ করে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ নিয়ে এসেছে ‘আধুনিক বাংলা হোটেল’। প্রথম সিজনে গত তিন সপ্তাহ ধরে একটি একটি করে মোট তিনটি পর্ব মুক্তি পেয়েছে। এই আয়োজন নিয়ে চরকি বলছে, ‘আধুনিক বাংলা হোটেল, বাংলা খাবারকে উপজীব্য করে লোকাল মিথলজি, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল হররের সংমিশ্রণে একটি অ্যান্থোলজি সিরিজ, যার প্রতিটি গল্পে একটা করে লোকাল বাংলা খাবার পরিবেশিত হয়। প্রত্যেক এপিসোডে নতুন খাবার নতুন টেস্ট। প্রতিটি গল্প শেষ হবে এক অপার্থিব ফ্যান্টাসি কিংবা বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্বে।

এই আঞ্চলিক বাংলা খাবারের গন্ধ প্রতিটি পর্বেই পাওয়া গেছে। তিনটি পর্বের নাম যথাক্রমে, ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ ও ‘হাঁসের সালুন’। শেষ পর্বটি বুধবার (১৩ নভেম্বর) রাতে মুক্তি পেয়েছে। প্রথম পর্বে বোয়াল মাছ ছিল লোভের উপকরণ। দ্বিতীয়তে খাসির পায়া পছন্দ ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর তৃতীয় পর্বে হাঁসের সালুন হয় উদর ও প্রবৃত্তি পূর্তির উপায়।

এক নজরে
সিরিজ: ‘আধুনিক বাংলা হোটেল’
স্ট্রিমিং: চরকি
গল্প: শরীফুল হাসান
পরিচালনা: কাজী আসাদ
অভিনয়ে: মোশাররফ করিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, রোবেনা রেজা জুঁই, নিদ্রা নেহা।

‘বোয়াল মাছের ঝোল’ বোয়ালিয়া গ্রামের গল্প। বোয়ালিয়া গ্রাম বিখ্যাত বোয়াল মাছের জন্য। কথিত আছে, সেখানে নাকি মানুষের সাইজের বোয়াল মাছ পাওয়া যায়! এই গ্রামের ছেলে আজিজের বাড়িতে বেড়াতে আসেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজিজের মায়ের হাতের বোয়াল মাছের ঝোল খাবার খুব শখ তার। সেই বোয়াল মাছের ঝোল খেতে আসাই কি সবচেয়ে বড় ভুল ছিল তার?

‘খাসির পায়া’ গল্পের পটভূমি শহুরে। ভিতু রফিক সাহেব ভয় পান বাসায় একা থাকতে। তাই কাজ শেষে সময় কাটাতে পার্কে হাঁটতে যান তিনি। সেখানে একটি ছোট্ট ছেলে এক অদ্ভুত আবদার করে, ‘স্যার, দুইশোডা ট্যাকা দ্যান, খাসির পায়া খামু।’ ছোট্ট ছেলের এই আবদারে পাত্তা দেন না রফিক সাহেব।

এই আবদার না রাখে কী বিপদে পড়েছিলেন রফিক সাহেব? অন্যদিকে ‘হাঁসের সালুন’-এ পাগল পাগল চেহারার মজু মিয়া ঘুরে বেড়ায় ঘুঘুর ফাঁদ নিয়ে। আদপে এক ভয়ংকর খুনি সে। তবে প্রতিটি খুন করার পরেই তার দুটি জিনিস খাবার শখ জাগে- একটি হাঁসের সালুন, অন্যটি খুনের চেয়েও ভয় ধরানো। শেষ পর্যন্ত কী হয় মজু মিয়ার? ঘুঘুর ফাঁদ নিয়ে ঘুরতে ঘুরতে সে-ও কি অন্য কোনো ফাঁদে আটকে যায়? রোমাঞ্চকর তিনটি গল্পের পরিণতি জানা যায় ‘আধুনিক বাংলা হোটেল’-এ।

তিনটি পর্বেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনটি ভিন্ন চরিত্রে তার দুর্দান্ত অভিনয় এই সিরিজের প্রধান রসদ। তার অভিনয়, অভিব্যক্তি সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অনেক সাদামাটা দৃশ্য বা সংলাপ ভিন্ন মাত্র পেয়েছে কেবল মোশারফরের কারণে। সিরিজের আরেকটি বড় প্রাপ্তি গ্রাম।

প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’-এ যেভাবে গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হয়েছে, তা স্মৃতিমেদুর ছেলেবেলার কথা মনে করিয়ে দেবে। প্রথম দৃশ্যের সেই বিশাল বড় গাছের নিচে গাজী রাকায়েত যখন আনমনে বলে ওঠেন, ‘শিখর ভুলে শিকড় ভজো’, তখন এই গাছটাকেই একটা চরিত্র মনে হয়। ধীর চরিত্র নির্মাণ, সংলাপ আর গল্পের পরিবেশই যেন গল্পে ভৌতিক আবহ ফুটিয়ে তোলে, নির্মাতা নজর দিয়েছেন সেদিকে। তাই এ গল্পে কোনো ভৌতিক সাউন্ড বা জাম্পস্কেয়ার ব্যবহার করেননি। এ পর্বে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মোশাররফ করিম ও গাজী রাকায়েত। মাঝির সঙ্গে গাজী রাকায়েতের কথোপকথন বা শেষ দৃশ্যে মোশাররফ করিমের হাসি পর্বটি অন্য মাত্রায় নিয়ে যায়।

‘খাসির পায়া’ সাউন্ড আর ভিএফএক্সের ব্যবহারে প্রথম দিকে বেশ ভালোই জমে উঠেছিল। তবে নির্মাতা শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি। প্রথম পর্বে যেখানে গল্পটাই ভয় ছড়িয়ে দিয়েছিল, দ্বিতীয় পর্বের গল্প যেন বলাই হলো না ঠিকভাবে। তবে মোশাররফ করিমের অভিনয় অনেক কিছুই ভুলিয়ে দেয়। তার সঙ্গে মাত্র একটি সংলাপনির্ভর চরিত্রে খুদে অভিনেতা ফাহিমও দারুণ অভিনয় করেছেন।

তিন পর্বের সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর পর্ব সম্ভবত ‘হাঁসের সালুন’। পাগলাটে চেহারার ধূর্ত দৃষ্টির মজু মিয়াকে মোশাররফের চেয়ে ভালো আর কে ফুটিয়ে তুলতে পারতেন! এই পর্বে নির্মাতা আবার ফিরে গিয়েছিলেন গ্রামীণ পটভূমিতে। দায়িয়েন ড্যানির চিত্রগ্রহণ ছিল অসাধারণ। রংবেরঙের কাপড়, গান, মাটির চুলায় রান্না, গ্রামীণ পরিবেশে নির্বাচনী প্রচারের মধ্যেই চলে এক ক্রমিক খুনির গল্প। এই পর্বে মোশাররফ করিমের সঙ্গে দারুণ অভিনয় করেছেন নিদ্রা নেহা। চরিত্র ছোট হলেও শিল্পী সরকার অপু, সালাউদ্দিন লাভলুর অভিনয়ও ছাপ রেখে গেছে। এ পর্বের সিরিয়াল কিলারের ভয় হার মানিয়েছে ভূতের ভয়কে।

পরিচালক হিসেবে প্রথম কাজ দিয়েই নজর কেড়েছেন কাজী আসাদ। এই সিরিজ কিন্তু আপনাকে ভয় পাওয়াবে না, পরিচালকের উদ্দেশ্যও সেটা ছিল না। তিনি চেয়েছেন আয়েশ করে একটা গল্প বলতে।

এই সিরিজের অনেকে কিছুই আপনি আগেই অনুমান করতে পারবেন। তবে শেষটা জানা থাকলেও গল্প বলার লোভে পড়লে তো আর কিছুই মনে থাকে না। হিংসা, লোভ, আতঙ্ক, একাকিত্বের সঙ্গে ভয়ের উপাদান মিশিয়েছেন নির্মাতা, দেশি ভূতের ‘রান্না’ কী আর ভালো না হয়ে পারে!

দিন শেষে গল্পগুলো আমাদের চারপাশের। কোনো গল্প আমাদের নিয়ে যায় শেকড়ে, কোনো গল্প দেখে হয়তো পার্কে হাঁটতে গেলে গা ছমছম করে উঠবে। আবার কোনোটা নাড়া দেয় বিশ্বাসে। তাই ‘আধুনিক বাংলা হোটেল’-এ ঢুকলে সব খাবারই খেয়ে উঠতে হবে। কারণ, দেশি ভূতের গল্পের সঙ্গে বাংলা খাবারের এমন রেসিপি মেলা ভার!

সিরিজের অন্যান্য চরিত্রেও যে অভিনয়শিল্পীদের বেছে নেওয়া হয়েছে, তা ছিল সুচিন্তিত। শিক্ষকের চরিত্রে গাজী রাকায়েত, গ্রামীণ নারীর চরিত্রে শিল্পী সরকার অপু কিংবা বোর্ডিংয়ের ম্যানেজার হিসেবে সালাউদ্দিন লাভলু- সবাই দারুণ অভিনয় করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো, ওই চরিত্রগুলোর জন্য তাদের ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছে না। এটিই এই সিরিজের সবচেয়ে বড় সফলতা।

তিনটি পর্বের কোনগুলো বেশি ভালো? এই প্রশ্ন আসতেই পারে। সেটি বলতেই হলে দাঁড়াবে এমন- বোয়াল মাছের ঝোলের স্বাদ গুড, খাসির পায়া বেটার ও হাঁসের সালুন স্বাদে বেস্ট। আর তিনটিই পরপর চাখলে যে কেউ বিনোদিত হবেন পূর্ণ মাত্রায়। তাহলে, আজ রাতে খাওয়া-দাওয়ার পর একটু ভয় চাখবেন নাকি? মন্দ লাগবে না, গ্যারান্টি!

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments