ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর কেটে গেছে সাত বছর। ২০১৬ সালের ফেব্রুয়ারির ঐ ঘটনা এবার উঠে এসেছে হলিউডের প্রামাণ্যচিত্রে। ‘বিলিয়ন ডলার হাইস্ট’ নামে ঐ প্রামাণ্য চিত্র ইতিমধ্যে সাড়া ফেলেছে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল এই চুরির ঘটনা তুলে ধরা হয়েছে ১ ঘণ্টা ২৪ মিনিটের প্রামাণ্যচিত্রে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স ও জিএফসি ফিল্মের ব্যানারে প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ডেনিয়েল গর্ডন, যা মুক্তি পেয়েছে ১৪ আগস্ট। ইতিমধ্যে প্রামাণ্যচিত্রে দর্শকদের আইএমবিডি রেটিং ৭.১। এ থেকেই বোঝা যায় প্রামাণ্যচিত্রটি কতটা সাড়া ফেলেছে।

প্রামাণ্যচিত্রের শুরুতে তুলে ধরা হয়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি। দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশ ব্যাংক বন্ধ হলেও অল্প কয়েকজন কিছু সময়ের জন্য আসেন। এ রকমই একজন জুবায়ের বিন হুদা। এসে দেখলেন প্রিন্টার কাজ করছে না। কারিগরি সমস্যা মনে করে চলে গেলেন। অন্যরা এলেন পরদিন শনিবার। বিকল্প পথে প্রিন্টার চালু করা হলো। তখনই পাওয়া গেল প্রায় ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি হস্তান্তরের অনুরোধ জানানো সব চিঠি। ছড়িয়ে পড়ল আতঙ্ক। শনিবারই বাংলাদেশ সুইফট ব্যবস্থার কাউকে ফোনে পেয়েছিল। তারা পরামর্শ দিয়েছিল যতক্ষণ পর্যন্ত না প্রকৃত ঘটনা জানা যায়, ততক্ষণ পর্যন্ত পুরো সিস্টেম বন্ধ করে দিতে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বদরুল হক খান নিজে সিদ্ধান্ত না নিয়ে ফোন করেছিলেন ডেপুটি গভর্নরকে। তিনিও কোনো সিদ্ধান্ত না দিয়ে গভর্নর আতিউর রহমানের সঙ্গে কথা বলতে বলছিলেন।
এ পর্যন্ত বলে বর্ণনাকারী ব্রিটিশ সাংবাদিক মিশা গ্লেনি বলেন, ‘এরপর কী হলো জানেন? গভর্নর বললেন, ‘এটা কোনো কারিগরি ভুল হতে পারে। আমরা সিস্টেম বন্ধ করব না।’ এরপর বিস্মিত মিশা গ্লেনি দুই হাত দিয়ে চোখ ঢাকলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments